তেঁতুলিয়া থেকে হেঁটে টেকনাফ গেলেন তিনি
‘দেখব বাংলাদেশ, গড়ব বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে ৪৬ দিন ধরে হেঁটে গত সোমবার কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের ঘোলারচর পৌঁছান জাহাঙ্গীর আলম নামের এক তরুণ।
জাহাঙ্গীরের পৈতৃক বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে। তবে বর্তমান নিবাস ফেনীর দাগনভূঞা এলাকায়। তিনি পেশাগত কারণে ঢাকায় বসবাস করেন।
জাহাঙ্গীর তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে ১২ ফেব্রুয়ারি যাত্রা শুরু করেন। তিনি ১০০৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সোমবার বিকেল পাঁচটার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ ঘোলারচর এলাকায় পৌঁছান। সেখানে তাঁকে শুভেচ্ছা জানান শাহপরীর দ্বীপ সীমান্তচৌকির কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম, সংবাদকর্মী জসিম মাহমুদ প্রমুখ। জাহাঙ্গীর এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিউল আলমের সঙ্গে সাক্ষাৎ করেন।
ইউএনও মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘জাহাঙ্গীর অদম্য সাহসী তরুণ। বাংলাদেশের পর্যটনে এক নতুন মাত্রা যোগ করেছেন তিনি। তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত হেঁটে বাংলাদেশকে নতুন করে তুলে ধরায় তাঁর মঙ্গল কামনা করছি।’
জানতে চাইলে জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, তেঁতুলিয়া থেকে টেকনাফে আসার পথে তিনি শিশু নির্যাতন বন্ধ, লোকসাহিত্য সংরক্ষণ, পরিবেশ সংরক্ষণ, গাছ লাগানো, বাল্যবিবাহ রোধ ও মাদকবিরোধী জনমত গঠনের পাশাপাশি পর্যটনশিল্পকে আরও গতিশীল করার জন্য প্রচার চালান।
জাহাঙ্গীরের এ উদ্যোগে সহযোগিতা দিয়েছে বাংলাদেশ পর্যটন করপোরেশন, দিনরাত্রি ডটকম, ফোকাস ফ্রেম, ওয়ালেটমিক্স, কিনলেডটকম, ট্যুর ডটকম ডটবিডি।
জানতে চাইলে ট্যুর ডটকম ডটবিডির পরিচালক মোহাম্মদ ইমরান বলেন, ‘বাংলাদেশের পর্যটনশিল্পকে নতুন করে জাগিয়ে তোলার জন্য আমাদের প্রতিষ্ঠান এ উদ্যোগে পৃষ্ঠপোষকতা করে।’
বাংলাদেশ পর্যটন করপোরেশনের ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ পারভেজ আহমদ চৌধুরী বলেন, ‘সব সময় দেশকে ও দেশের পর্যটনশিল্পকে বিকশিত করতে চায় পর্যটন করপোরেশন। ২০১৬ সালকে পর্যটন বর্ষ ঘোষণা করার পর থেকে জাতীয় প্রচারের অংশ হিসেবে জাহাঙ্গীরের ব্যতিক্রমী উদ্যোগে আমরা তাঁর পাশে এসে দাঁড়িয়েছি।’