তেঁতুলিয়ায় চেয়ারম্যান পদে আ.লীগ ও বিএনপির প্রার্থী চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সাতটি ইউনিয়নে প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ ও বিএনপি।
তেঁতুলিয়া উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২২ মার্চ এসব ইউনিয়নে ভোট হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২২ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই হবে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২ মার্চ।
উপজেলা আওয়ামী লীগ ও বিএনপি সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের প্রার্থীরা হলেন বাংলাবান্ধা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান কুদরত-ই খুদা, তীরনইহাটে তাহমিদ মিল্টন, তেঁতুলিয়া সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কাজী আনিছুর রহমান, শালবাহানে মো. নুরুল ইসলাম, বুড়াবুড়িতে বাদশা সোলায়মান, ভজনপুরে সাবেক চেয়ারম্যান মো. এমদাদুল হক এবং দেবনগরের বর্তমান চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম।
বিএনিপর প্রার্থীরা হলেন বাংলাবান্ধায় মো. শাহা আলম, তীরনইহাটের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসাইন, তেঁতুলিয়া সদরে সাইদুর রহমান, শালবাহানের বর্তমান চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, বুড়াবুড়িতে মো. কলিমউদ্দিন, ভজনপুরে মো. মকছেদ আলী ও দেবনগরে মো. মহসিন উল হক।
জেলা আওয়ামী লীগের সম্পাদক আনোয়ার সাদাত ও তেঁতুলিয়া উপজেলা বিএনপির সম্পাদক রেজাউল করিম তাঁদের দলীয় প্রার্থীর তালিকা চূড়ান্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন।