তেঁতুলিয়ায় জমি নিয়ে বিরোধে হামলা, নিহত ১
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের ঝালেঙ্গীগছ গ্রামে জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এরশাদ হোসেন (৩০) নামের এক ব্যক্তি নিহত ও নয়জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত এরশাদ হোসেনের চাচা জাহাঙ্গীর আলম জানান, গত বুধবার বিকেলে তিনিসহ তাঁর ভাই আবদুল করিম, এরশাদ হোসেন, কছিরুল, বসির, রহমান, সামাদ ও আবু কালাম জয়গুনজোত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমির জরিপকারীদের কাছে বিরোধীয় সাত একর জমির ওপর আপত্তি দিতে যান। এ সময় সামসুল, সামসউদ্দিন, রেজাউল, মানিক, রাজ্জাক, রিয়াজুল, ফয়জুল, ফজল, স্বপন, জাকের ও হাবিবুর কাগজপত্র ছিঁড়ে ফেলে তাঁদের ওপর চড়াও হলে জরিপকারীরা তাঁদের বের করে দেন।পরবর্তী সময়ে আবদুল করিম ও তাঁর লোকজন বাড়িতে এলে সামসুলের পক্ষের লোকজন তাঁদের ওপর হামলা চালায়। এ সময় এরশাদ হোসেন বাধা দিলে কুড়াল ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাঁকেসহ ১০ জনকে গুরুতর আহত করা হয়। এরশাদকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব-উল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এরশাদ হোসেনকে হত্যা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।