তেঁতুলিয়ায় জমির দখল নিয়ে হামলা-ভাঙচুর, আহত ৫০
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার রওশনপুরে কাজী অ্যান্ড কাজী টি এস্টেটে ভাঙচুর করেছে একদল লোক। এ সময় সেখানে লুটপাট চালানো হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানান, গতকাল সোমবার ভোরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কামরুজ্জামান ওরফে কামুর নেতৃত্বে কয়েক শ লোক কাঁটাতার কেটে ও গেট ভেঙে কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের কার্যালয়ে ঢোকে। এ সময় তাদের হাতে লাঠিসোঁটা ও লোহার রড ছিল। তারা অফিস কক্ষ ও সিকিউরিটি ব্যারাকে ভাঙচুর চালায়। তাদের বাধা দিতে গিয়ে এস্টেটের কর্মকর্তা মেজর (অব.) সোহেল রানা, আবদুল্লাহ, প্রকৌশলী আবু শাহীনসহ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী আহত হন।সূত্র জানায়, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে ইউপি চেয়ারম্যানের ভাই শেখ কামাল, রমজান, রফিকুলসহ ৩৫ জন আহত হন। তাঁরা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। একপর্যায়ে ওই সব লোক পাথর ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব উল আলম, পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমানসহ সাত পুলিশ সদস্য আহত হন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ সময় পুলিশ রাবার বুলেট ছুড়লে দেবারু মোহাম্মদ, হাফেজ আলী ও হারুন আহত হন। একপর্যায়ে কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের পক্ষে দুই শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে হামলাকারীদের ধাওয়া করে। কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের মহাব্যবস্থাপক (ভূমি) আবু হাফিজের দাবি, হামলাকারীরা একটি মাইক্রোবাস, চারটি মোটরসাইকেল, একটি ট্রলি, নগদ ১০ লাখ টাকাসহ প্রায় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। কামরুজ্জামান বলেন, ‘আমি আমার জমি দখল করতে গিয়েছিলাম।’ তিনি লুটপাটের অভিযোগ অস্বীকার করেছেন। তেঁতুলিয়া থানার ওসি মাহবুব উল আলম বলেন, ‘ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে।’ জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।এদিকে রওশনপুরে সংঘর্ষ চলাকালে শালবাহান বাজারে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানের একটি মার্কেট আরেক পক্ষ দখল করে নেয়। শালবাহান ইউপির সদস্য মহিউদ্দিন মহির নেতৃত্বে দখলকারীরা ওই মার্কেটের প্রায় ৫০টি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও বেশির ভাগ মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। ইউপি সদস্য মহিউদ্দিন বলেন, ‘শালবাহানে মার্কেটের ওই জমি ইউপি চেয়ারম্যান জবরদখল করে রেখেছিলেন। এখন আমার লোকজন তা দখলে নিয়েছে।’