তেঁতুলিয়ায় বাসচাপায় পাথর ব্যবসায়ী নিহত, প্রতিবাদে বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাগুরমারী চৌরাস্তায় পঞ্চগড়-তেঁতুলিয়া সড়কে গতকাল শনিবার দুপুরে বাসচাপায় তরিকুল ইসলাম (৩৫) নামের এক পাথর ব্যবসায়ী নিহত হয়েছেন। প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তরিকুলের বাড়ি তেঁতুলিয়ার দেবনগর এলাকায়। গতকাল তিনি মোটরসাইকেলে করে পঞ্চগড় থেকে ভজনপুরে যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে মাগুরমারী চৌরাস্তায় পৌঁছালে তেঁতুলিয়া থেকে পঞ্চগড়গামী একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার সঙ্গে সঙ্গে বাসের চালক ও সহকারী বাস রেখে পালিয়ে যান। ক্ষুব্ধ এলাকাবাসী বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে তেঁতুলিয়া থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।বাস পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে পঞ্চগড় জেলা মোটর মালিক সমিতি পঞ্চগড় জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে। দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে আজ রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করা হয়েছে। সহকারী পুলিশ সুপার শাহাব উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় মৃত্যু এবং এরপর বাস পুড়িয়ে দেওয়ার ঘটনা নিয়ে মোটর মালিক সমিতি ও নিহতের পরিবারের সদস্যরা সমঝোতার চেষ্টা করছে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।