তেঁতুলিয়ায় ভিজিএফের ছয় বস্তা চাল উদ্ধার
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়ন পরিষদের একটি কক্ষ থেকে গত বুধবার ভিজিএফের ছয় বস্তা চাল উদ্ধার করা হয়েছে। ইউনিয়ন পরিষদ (ইউপি) সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে গরিব ও দুস্থদের জন্য তিরনইহাট ইউনিয়নে ১৯ মেট্রিক টনের বেশি ভিজিএফের চাল বরাদ্দ আসে। গত মঙ্গলবার এ চাল বিতরণ করা হয়। ওই দিন সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন জানতে পারে, পরিষদের হল রুমে ছয় বস্তা ও সচিবের কক্ষে ১২ বস্তা চাল লুকিয়ে রাখা হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হলে তিনি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নিয়ে ঘটনাস্থলে আসেন এবং হলরুমে রাখা ছয় বস্তা চাল ও কার্ডসহ কার্ডধারীদের তালিকা জব্দ করেন। ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, ভিজিএফের চাল পাননি এমন ৬১ জনের জন্য এসব চাল রাখা হয়েছিল। কিন্তু ঘটনাটি ষড়যন্ত্রমূলকভাবে ঘটানো হয়েছে।ইউএনও মো. মুনিরুজ্জামান বলেন, ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।