তেঁতুলিয়ায় শ্রমিকের পলাশবাড়ীতে বৃদ্ধের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গতকাল মঙ্গলবার আবদুল মোমিন (২২) নামের এক হোটেলশ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আবদুল কাদের মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
তেঁতুলিয়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, তেঁতুলিয়া সদরের ফায়ার সার্ভিস স্টেশনের পেছনে এক আখখেতে গতকাল বেলা সাড়ে ১১টায় হোটেলশ্রমিক মোমিনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় ব্যক্তিরা। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ সময় ওই যুবকের গায়ের শার্টটি ছেঁড়া ও চোখে আঘাতের চিহ্ন ছিল।
মোমিন উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কোলনীপাড়া গুচ্ছগ্রামের চেয়ারু মোহাম্মদের ছেলে। তিনি তেঁতুলিয়া বাজারের একটি হোটেলে শ্রমিক হিসেবে কাজ করতেন। পুলিশের ধারণা, রাতে হয়তো দুর্বৃত্তরা মোমিনকে শ্বাসরোধে হত্যা করে ফেলে রেখে পালিয়ে গেছে।
তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র রায় বলেন, খবর পেয়ে মোমিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
পলাশবাড়ী থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের আসমতপুর গ্রামের আবদুল কাদের ব্যক্তিগত কাজে বাড়ি থেকে উপজেলা শহরে যান। কিন্তু রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন রাতে বিভিন্ন স্থানে খোঁজখবর করেও তাঁর কোনো সন্ধান পাননি। গতকাল সকালে স্থানীয় লোকজন উপজেলার পলাশগাছী গ্রামের একটি বাঁশবাগানে গলায় রশি লাগানো অবস্থায় তাঁকে দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত কাদেরের স্ত্রী আয়শা বেগম অজ্ঞাত আসামি দেখিয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান বলেন, পূর্বশক্রতাবশত এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।