তেঁতুলিয়ায় হামলায় একজন নিহত আহত ৭
জমি নিয়ে বিরোধের জের ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। উপজেলার জায়গীরজোত গ্রামে গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জায়গীরজোত গ্রামের তমিজউদ্দিন ও তাঁর ভাইয়েরা গতকাল সকালে তাঁদের দুই একর ৪২ শতক জমিতে ধানের চারা রোপণ করছিলেন। এ সময় একই এলাকার জাকির হোসেন ২৫ থেকে ৩০ জন সহযোগী নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে তমিজউদ্দিনের ছোট ভাই অহিদুল হক (৩০) ঘটনাস্থলেই মারা যান। এ হামলায় তমিজউদ্দিন (৩৫), তাঁর বড় ভাই সিরাজুল ইসলাম (৪৫), সাইদুর রহমান (৪০) ও তাঁদের পরিবারের সদস্য হামিদা বেগম (৪০), শাহিনা খাতুন (২৫), তাহেরা খাতুন (৩৪) ও আত্মীয় সুজান (৪০) আহত হন। সাইদুর রহমান, তমিজউদ্দিন, সিরাজুল ইসলাম ও সুজানকে আশঙ্কাজনক অবস্থায় পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর ছিদ্দিক বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির মামা খোরশেদ আলম গতকাল সোমবার থানায় ২১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছেন। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।