বৈদ্যুতিক ট্রান্সফরমার বিকল থাকায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নে সেচের অধীন ৩০০ একর জমিতে বোরোর আবাদ হুমকির মুখে পড়েছে। এতে ওই ইউনিয়নের সহস্রাধিক চাষি বিপাকে পড়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ডিসেম্বর মাসে ট্রান্সফরমারটি বিকল হয়ে যায়। নতুন ট্রান্সফরমার স্থাপন না করায় পাম্প দিয়ে জমিতে চাষিরা সেচ দিতে পারছেন না। সেচের অভাবে রোপা লাগাতে না পারায় অনেক চাষির বীজতলা মরে যাচ্ছে। গত রোববার দুপুরে শালবাহান ইউনিয়নের ছোপাগছ, বড় দলুয়াগছ ও মহিগছ গ্রামের অর্ধশতাধিক চাষি বীজতলা নষ্ট হওয়ায় তিন লক্ষাধিক টাকা বিদ্যুৎ বিভাগের কাছে ক্ষতিপূরণের দাবি জানান। তাঁরা উপজেলা চেয়ারম্যান মুক্তারুল হক, ইউএনও পিয়সিন্ধু তালুকদার ও ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার কাছে ক্ষতিপূরণের দাবি তুলে ধরেন এবং এ বিষয়ে অভিযোগ দেন। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের ছোপাগছ, বড় দলুয়াগছ ও মহিগছ গ্রামের সহস্রাধিক চাষি ২০১০ সালে পঞ্চগড় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছে সেচ পাম্পের জন্য বিদ্যুৎ সংযোগের আবেদন করেন। পরে পিডিবি সেখানে একটি ট্রান্সফরমার স্থাপন করে ও লাইন টানে। গত ডিসেম্বর মাসে ওই ট্রান্সফরমারটিও বিকল হয়ে যায়। ছোপাগছ গ্রামের চাষি আইয়ুব আলী, মহিগছ গ্রামের মমিনুর রহমান ও বড় দলুয়াগছ গ্রামের আবদুল কাদের জানান, বীজতলা লাগানোর জন্য জরুরি ভিত্তিতে ট্রান্সফরমারটি সংস্কারের জন্য পিডিবির পঞ্চগড় কার্যালয়ে নিয়ে যান। ট্রান্সফরমারটি সংস্কার করে স্থাপনের জন্য বিদ্যুৎ বিভাগ চাষিদের কাছে ৩০ হাজার টাকা উৎকোচ দাবি করে। উৎকোচের টাকা না দেওয়ায় বিদ্যুৎ বিভাগ ট্রান্সফরমারটিতে সংযোগ দিচ্ছে না। সরেজমিনে গিয়ে জানা গেছে, বড় দলুয়াগছ, ছোপাগছ ও মহিগছ গ্রামে প্রায় শতাধিক সেচ পাম্প রয়েছে। এসব পাম্পের অধীনে সহস্রাধিক চাষি প্রায় ৩০০ একর জমিতে বোরো চাষ করেন। পঞ্চগড়ের আবাসিক প্রকৌশলী মো. মহিউদ্দিন বলেন, ট্রান্সফরমার মেরামতের জন্য কে টাকা চেয়েছেন, তা তিনি জানেন না। ট্রান্সফরমারটি মেরামতের জন্য দিনাজপুর পাঠানো হয়েছে। মেরামত হলে লাগানো হবে।