তেঁতুলিয়ায় ৪৩ দরিদ্র ছাত্রী পেল সাইকেল

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের আটটি মাধ্যমিক বিদ্যালয়ের ৪৩ জন দরিদ্র ও মেধাবী ছাত্রীকে বিনা মূল্যে বাইসাইকেল দেওয়া হয়েছে। শালবাহান ইউনিয়ন পরিষদ চত্বরে গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদের হাতে বাইসাইকেলগুলো তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে ১৬টি প্রাথমিক বিদ্যালয়ের ১৫৬ জন খুদে শিক্ষার্থীকে স্কুল ব্যাগ দেওয়া হয়।
সরকারের লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রকল্পের-২ (এলজিএসপি) আওতায় শালবাহান ইউপি ওই সাইকেল ও স্কুল ব্যাগ দেয়। ওই অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানিউল ফেরদৌস শিক্ষার্থীদের মাঝে ওই সাইকেল ও স্কুল ব্যাগ তুলে দেন। বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইউনুস আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসিন আলী মণ্ডল, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল হক প্রমুখ।
সাইকেল পেয়ে লোহাকাচি গ্রামের স্বপ্না আক্তার বলে, ‘বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে শালবাহান বালিকা স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ি। প্রতিদিন রিকশা-ভ্যানে যেতে টাকা ও সময় দুটোই লাগে। অনেক সময় বাবা টাকাও দিতে পারেন না। এখন থেকে প্রতিদিন স্কুলে যেতে আর সমস্যা হবে না।’