চকরিয়ায় দুর্ঘটনায় শিশু নিহত
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঝনঝইন্যা সেতু এলাকায় গত বুধবার রাতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একটি শিশু নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসের চালকসহ ছয়জন।
নিহত আশরাফুল হাসান (৮) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ইদলপুর গ্রামের হাসান আলীর ছেলে। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, গত বুধবার সকালে একটি মাইক্রোবাসে করে সীতাকুণ্ড থেকে কক্সবাজার বেড়াতে যান কয়েকটি পরিবারের সদস্যরা। কক্সবাজার বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে গত বুধবার রাত নয়টার দিকে ঝনঝইন্যা সেতু এলাকায় তাঁদের বহনকারী মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
চিরিংগা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল হাশেম বলেন, নিহত শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।