তেজকুনিপাড়া ও নাখালপাড়ার সড়কগুলোর অবস্থা বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেজগাঁওয়ের তেজকুনিপাড়া ও নাখালপাড়ার রাস্তাগুলো ভাঙা​েচারা। লুকাসের মোড়ে (বাঁয়ে) রাস্তার সংস্কারকাজ চলছে। আর রেলওয়ে কলোনির স্ল্যাবগুলো রাস্তা থেকে উঁচু হওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটে l ছবি: প্রথম আলো
তেজগাঁওয়ের তেজকুনিপাড়া ও নাখালপাড়ার রাস্তাগুলো ভাঙা​েচারা। লুকাসের মোড়ে (বাঁয়ে) রাস্তার সংস্কারকাজ চলছে। আর রেলওয়ে কলোনির স্ল্যাবগুলো রাস্তা থেকে উঁচু হওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটে l ছবি: প্রথম আলো

তেজগাঁওয়ের তেজকুনিপাড়া ও নাখালপাড়ার অলিগলিগুলো ভাঙাচোরা। কিছু কিছু প্রধান সড়ক ভালো থাকলেও শাখাসড়কগুলো চলাচলের উপযুক্ত নয়। এলাকাবাসী বলেছে, সিটি করপোরেশন নির্বাচনের প্রায় তিন বছর পরেও সড়কের উন্নতি হয়নি।
তেজগাঁওয়ের নিমতলা থেকে স্টেশন রোড ধরে সোজা গেলে রেলওয়ে কলোনি। এই এলাকায় ঢোকার সড়কটি হঠাৎ দেখলে মনে হবে, যেন কোনো পাড়াগাঁয়ের মেঠো পথ। সড়কের পিচ, সুরকি সব উঠে গেছে। রাস্তাজুড়ে কেবল ধুলা আর ধুলা। এর দুপাশে নিম্নবিত্ত পরিবারের বাস। তাদের বাড়িগুলোও ধুলায় আচ্ছন্ন। এক জায়গায় দেখা গেল সড়কের মাঝের ম্যানহোল খোলা, ভেতরে পানি। ময়লায় ম্যানহোলের আকার ছোট হয়ে গেছে। কলোনির বাসিন্দা উর্মি আকতার বলেন, ‘বৃষ্টি অইলে হাঁটু পর্যন্ত পানি অয়। আর অনেক ক্যাদা থাকে। গর্ত দিয়া ময়লা পানি বাইর অইলে গন্ধে থাকন যায় না। কী আর করুম, এর মধ্যেই থাকি।’
রেলওয়ে মার্কেটের আশপাশের সড়কগুলোরও খারাপ অবস্থা। তেজকুনিপাড়া পাম্পের গলির সড়কের দুপাশে কিছু নির্মাণসামগ্রী রাখা। সুরকির ঢালাই উঠে গেছে। রেলওয়ে মার্কেটের ব্যবসায়ী সবুরউদ্দিন বলেন, নির্বাচনের তিন বছর হয়ে গেলেও তেজকুনিপাড়ার সড়কগুলোর সংস্কার হয়নি। প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু কাজ করা হয় না। বর্ষায় বেশি সমস্যা হয়।
তেজকুনিপাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৬ নম্বর ওয়ার্ডের অধীন। এর কাউন্সিলর শামীম হাসান বলেন, ‘সব রাস্তার টেন্ডার হয়ে গেছে। এ মাসেই কাজ ধরব।’
পশ্চিম নাখালপাড়ার লুকাস মোড়ের কাইয়ুম খন্দকার রোডটির সংস্কার হচ্ছে। গতকাল বুধবার গিয়ে দেখা যায়, কাজ পুরোপুরি শেষ হয়নি। সড়কের মুখে সুরকির স্তূপ। এ ছাড়া বালু-পাথর ভর্তি বস্তা, বড় বড় চাকতি সড়কে ফেলে রাখা। স্থানীয় এক দোকানি বলেন, তিন-চার দিন ধরে কাজ বন্ধ। কাজ শুরু করেছে দুমাস হবে। এখানে যানবাহন চলতে গেলেই জট লেগে যাচ্ছে।
বনফুলের গলি ও বেলাল মসজিদ গলি পশ্চিম নাখালপাড়ার মধ্যে। এ সড়ক দুটিও ভাঙা। কোথাও কোথাও উঁচু-নিচু।
নাখালপাড়া ডিএনসিসির ২৫ নম্বর ওয়ার্ডের অধীন। এই ওয়ার্ডের কাউন্সিলর শেখ মুজিবর রহমান প্রথম আলোকে বলেন, লুকাস মোড়ের সড়কের কাজ কয়েক দিনের মধ্যেই শেষ হবে। ৭০ ভাগ সড়কের টেন্ডার হয়েছে। বাকি ২০ ভাগ আগামী ছয় মাসে হবে।
তেজকুনিপাড়া ও নাখালপাড়ার প্রায় সব সড়কেই বড় বড় স্ল্যাব আছে। ভাঙাচোরা বিভিন্ন সড়কে এ স্ল্যাবগুলো সড়ক থেকে উঁচু। রিকশায় চলাচল করতে বেশি সমস্যা হয়। এ ছাড়া দক্ষিণ বেগুনবাড়ির টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার সড়কটিও বেহাল। দুপাশ আবর্জনায় ভর্তি। আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কের ঢালাই নেই। যানবাহনে চললেই ধুলা উড়ে চারপাশ আচ্ছন্ন হয়ে পড়ে।