তেজকুনীপাড়ায় রাস্তা খোঁড়াখুঁড়ি, এলাকাবাসীর ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেজগাঁওয়ের তেজকুনীপাড়ার কাঁঠালতলা এলাকার সড়কের বেহাল দশা। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
তেজগাঁওয়ের তেজকুনীপাড়ার কাঁঠালতলা এলাকার সড়কের বেহাল দশা। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

রাজধানীর তেজকুনীপাড়ায় পয়োনালার সংস্কারকাজ চলতে থাকায় সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়ক খুঁড়ে তোলা মাটি-রাবিশ সেখানেই রাখা। সড়কজুড়ে কোথাও কাদা, কোথাও পিচ্ছিল মাটির ঢিবি। কাজে ধীরগতি ও অব্যবস্থাপনার অভিযোগ করেছেন এলাকাবাসী।
তেজকুনীপাড়ার খেলাঘর ক্লাব মাঠের পাশ থেকে কাঁঠালতলা মোড় পর্যন্ত পয়োনালা সংস্কারের কাজ চলছে। গতকাল গিয়ে দেখা যায়, পুরো সড়ক উঁচু-নিচু। খানাখন্দে ভরা। সড়কের এক পাশে কিছু দূর পরপর নতুন স্ল্যাব বসানো হয়েছে। অন্য পাশে সড়ক খুঁড়ে তোলা মাটি-ইট স্তূপ করে রাখা। মাটি জমে সরু-উঁচু ঢিবি তৈরি হয়েছে। পাশে ছোট ছোট গর্ত। যানবাহন চলার উপায় নেই। সেই ঢিবির ওপর দিয়ে হেঁটে চলছেন পথচারীরা। সড়কের মুখে রিকশা-গাড়ি ছেড়ে কাঁধে করে ভারী কার্টন-ব্যাগ নিয়ে পথ চলছেন অনেকে।
এলাকার বাসিন্দা আজিজার রহমান বলেন, প্রায় দেড় মাস ধরে থেমে থেমে কাজ চলছে। চার-পাঁচ দিন ধরে কাজ বন্ধ আছে। তিনি বলেন, ‘রাস্তা কাইটা সেই মাটি রাস্তার ওপরই রাখছে। মাটিটা সরাইলে অন্তত রিকশা চলতে পারত। মানুষের সুবিধা-অসুবিধা তো দেখা লাগে।’
আরেক বাসিন্দা দুলালী সাহা বলেন, বৃষ্টি শুরু হওয়ায় সমস্যা আরও বেড়েছে। উঁচু-নিচু ঢিবি ধরে হাঁটতে গিয়ে পা পিছলে পড়ে দুর্ঘটনা ঘটছে। তিনি নিজেও এর ভুক্তভোগী।
তেজকুনীপাড়া এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডে পড়েছে। ওয়ার্ড কমিশনার শামীম হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। ওয়ার্ডের সচিব আবুল কালাম পাটোয়ারীও এ বিষয়ে কিছু বলতে পারেননি।