তেজকুনীপাড়ায় পানির দাবিতে বিক্ষোভ
রাজধানীর তেজকুনীপাড়ায় ওয়াসার পানি সরবরাহের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। গতকাল বুধবার বিকেল চারটার দিকে ওই এলাকার ৪০ থেকে ৪৫ জন নারী-পুরুষ বিমানবন্দর সড়কের মুখে এসে বিক্ষোভ করেন। আধঘণ্টা অবস্থানের পর পুলিশ তাঁদের সরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পানির দাবিতে তেজকুনীপাড়া টিনশেডের বাসিন্দারা মিছিল করে কলমিলতা মার্কেটের গলির সামনে এসে জড়ো হন। এ সময় পানির দাবিতে তাঁরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মিছিলকারীরা প্রধান সড়কের দিকে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পানি সরবরাহের আশ্বাস দেওয়া হলে তাঁরা চলে যান।
শংকর নামের স্থানীয় এক বাসিন্দা প্রথম আলোকে বলেন, রোজার মাসের আগে তেজকুনীপাড়া ওয়াসার পাইপলাইন বসানোর কাজ শুরু হয়। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) এই প্রকল্পের কাজে এখানকার সব রাস্তা খোঁড়া হয়। পাইপ বসানোর কাজ শেষ হলেও পানি সরবরাহ স্বাভাবিক হয়নি। বৈদ্যুতিক মোটর ছাড়া রিজার্ভ ট্যাংকে পানি তোলা যায় না। আবার অনেক লাইনে একেবারেই পানি আসে না। তিনি আরও অভিযোগ করেন, পানির মূল পাইপ বসানোর কাজ হয়েছে ত্রুটিপূর্ণ। নিচে বসানো হয় মোটা পাইপ আর বাড়িতে সরবরাহের ছোট পাইপগুলো মাটির ওপরে বসানোর কারণে পানি আসে না। ওয়াসা কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো সমাধান হয়নি।
এ ব্যাপারে জানতে চেয়ে ওয়াসার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি।
পুলিশের তেজগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) সাত্যকি কবিরাজ প্রথম আলোকে বলেন, ১০-১২ জন লোক জড়ো হওয়ার চেষ্টা করেছিল। পানির জন্য, নাকি অন্য কোনো কারণে তাঁরা এসেছিলেন সেটি জানা নেই। প্রধান সড়কের ওপারে মণিপুরি পাড়ায় দুর্গাপূজার মণ্ডপ আছে। এই সড়কে প্রচুর যানবাহন চলাচল করে। এ কারণে তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিন এ খান প্রথম আলোকে বলেন, ‘এ এলাকায় পানির লাইনে কাজ চলছে। বাসাবাড়িগুলোতে কোনো ধরনের সমস্যা হয়নি। তবে এখানকার বস্তিগুলোতে পানির সংরক্ষণাগার নেই। তাই এখানে সমস্যা হয়েছে। তাদের আমরা বিনা মূল্যে পানি দিচ্ছি।’