তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সড়কে আবার ট্রাক কাভার্ড ভ্যান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেজগাঁও ট্রাকস্ট্যান্ড–সংলগ্ন রেলগেট-সাতরাস্তা সড়কে আবার রাখা হচ্ছে গাড়ি। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
তেজগাঁও ট্রাকস্ট্যান্ড–সংলগ্ন রেলগেট-সাতরাস্তা সড়কে আবার রাখা হচ্ছে গাড়ি। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ড-সংলগ্ন রেলগেট-সাতরাস্তা সড়কটি আবার ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপের দখলে চলে যাচ্ছে! দেড় বছর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এই সড়ক দখলমুক্ত করেছিল।
ট্রাক-কাভার্ড ভ্যান মালিক ফেডারেশনের কর্মকর্তারা দাবি করছেন, পাশের ট্রাকস্ট্যান্ডের সংস্কারকাজ চলছে। তাই ডিএনসিসিকে জানিয়ে আপাতত ওগুলো রাস্তায় রাখা হচ্ছে। কিন্তু ডিএনসিসির দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন, তাঁরা এ বিষয়ে কিছু জানেন না।
গতকাল মঙ্গলবার বিকেলে প্রায় দুই ঘণ্টা এই সড়কটিতে অবস্থান নিয়ে দেখা যায়, তেজগাঁও রেলগেট থেকে সাতরাস্তা পর্যন্ত রাস্তার দুই পাশেই সারিবদ্ধভাবে ট্রাক-পিকআপ ও কাভার্ড ভ্যান দাঁড় করিয়ে রাখা হয়েছে। শ্রমিকেরা কয়েকটি ট্রাক মেরামতের কাজও করছেন। রাস্তা সরু হয়ে যাওয়ায় চলাচলকারী যানবাহনের গতি কমে আসছে। অনেক ক্ষেত্রে ট্রাক ঘোরানোর সময় লেগে যাচ্ছে যানজট।
প্রায় এক শ ফুট প্রশস্ত এই সড়ক ধরে ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকা থেকে তেজগাঁও মহাখালী ও বনানীর দিকে যাওয়া যায়। গুলশান-নিকেতনে যাওয়ার সহজ রাস্তাও এটি। এই রাস্তা ব্যবহার করে তেজগাঁও এলাকার তিনটি বিশ্ববিদ্যালয়, একটি মেডিকেল কলেজ, জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউট ও কয়েকটি গণমাধ্যমের প্রধান কার্যালয়সহ বহু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা যাওয়া-আসা করেন। এ ছাড়া সড়কটি ফার্মগেট ও তেজগাঁও এলাকার অন্তত ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান পথ।
দেড় বছর আগেও রেলগেট-সাতরাস্তা সড়কটি এই পথে নিয়মিত চলাচলকারী যাত্রীদের কাছে ছিল বিভীষিকার মতো। অবৈধ পার্কিং ও যানজটের কারণে প্রায় এক কিলোমিটার সড়কটি পার হতে কখনো কখনো ঘণ্টা পেরিয়ে যেত। ট্রাকস্ট্যান্ড সরানোর পর ডিএনসিসি কর্তৃপক্ষ সড়কটি যান চলাচলের উপযোগী করে তোলে। সড়ক বিভাজক দিয়ে তাতে লাগানো হয় গাছ। ফুটপাত সংস্কার করে হাঁটার উপযোগী করা হয়। কিন্তু এখন ট্রাক রাখার কারণে ফুটপাত ঢাকা পড়ে গেছে, চলাচলের উপায় নেই।
লাভ রোড এলাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর্মরত তানভীর আহমেদ প্রথম আলোকে বলেন, ‘গত এক-দেড় বছর তো ভালোই ছিল। এখন যা দেখছি তাতে আবার এঁদের (শ্রমিকদের) সরানো কঠিন না হয়ে পড়ে।’
ব্যবসায়ী জলিল তালুকদারও একই রকম আশঙ্কা ব্যক্ত করলেন, ‘রাস্তায় দিনের বেলায় ট্রাক কম থাকে, রাতে বাড়ে। আস্তে আস্তে আবার আগের অবস্থায় চলে না যায়!’
জানতে চাইলে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রুস্তম আলী প্রথম আলোকে বলেন, ‘এক মাস ধরে ট্রাকস্ট্যান্ড সংস্কারের কাজ চলছে। সেখানে আরসিসি ঢালাই দেওয়া শেষ হয়েছে। আর দু-এক দিনের মধ্যেই সব ট্রাক স্ট্যান্ডে রাখা যাবে।’ বিষয়টি ডিএনসিসি কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে বলে জানান তিনি।
অবহিতকরণের বিষয়ে জানতে চাইলে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে আমার কিছু জানা নেই। যদি তাঁরা মূল সড়কে আবার ট্রাক রেখে থাকেন, তাহলে তা অবশ্যই সরিয়ে নিতে হবে। এর কোনো বিকল্প নেই।’