তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে রেলওয়ের জমি দখলের চেষ্টা, বাসিন্দাদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের কোনো রকম অনুমোদন নেই। তার পরও গড়ে উঠেছে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার ‘ট্রাকস্ট্যান্ড’। আবার এখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ না থাকায় এই এলাকাটি হয়ে উঠেছে ভোগান্তির আরেক নাম।মূলত স্বাধীনতার পর থেকেই সাতরাস্তা-তেজগাঁও রেলগেট সড়ক এবং তেজগাঁও রেলস্টেশনের পাশের খালি জায়গা দখল করে রেখেছেন ট্রাকের মালিক-শ্রমিকেরা।অ্যাসেনশিয়াল ড্রাগ কোম্পানির কার্যালয় এবং তেজগাঁও রেললাইনের মাঝের যে জায়গাটি টার্মিনাল হিসেবে ব্যবহার করা হচ্ছে তা বাংলাদেশ রেলওয়ের। এখানে রেলওয়ের প্রায় ৩৯ বিঘা জায়গা রয়েছে। এর পাশের সড়কটি প্রায় ১০০ ফুট চওড়া। সিটি করপোরেশনের সড়ক ও রেলওয়ের পতিত জায়গা দখল করে গড়ে ওঠা এই ট্রাকস্ট্যান্ড স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।জানা গেছে, জায়গাটি রেলওয়ের হলেও ভুয়া কাগজপত্র তৈরি করে তা দখলের জন্য সক্রিয় কয়েকটি দল। এতে ট্রাকের মালিক-শ্রমিকেরাও বিভক্ত হয়ে পড়েছেন এবং পাল্টাপাল্টি দখল-প্রক্রিয়ার ফলে উত্তেজনা বিরাজ করছে।অনুমোদনহীন এই ট্র্যাকস্ট্যান্ড থেকে কোনো রাজস্বও পাচ্ছে না সরকার। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তৎকালীন যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা রেলওয়ের জায়গাটিতে বহুতল ট্রাক টার্মিনাল তৈরির কথা বলেছিলেন। রাজধানীর প্রাণকেন্দ্রে ট্রাক টার্মিনাল যানজট বাড়াবে এবং পরিবেশের ক্ষতি করবে—এ ধরনের কথা উঠলে বিষয়টি সেখানেই থেমে যায়।বর্তমানে রেলওয়ের খোলা জায়গার পাশাপাশি চওড়া সড়কটি এমনভাবে দখল করা হয়েছে যা দিয়ে হাঁটাচলাই অসম্ভব হয়ে পড়েছে। সাধারণ মানুষ, বিশেষ করে বেগুনবাড়ি এলাকা থেকে তেজগাঁও কলেজ ও হলিক্রস কলেজে যাতায়াতকারী শিক্ষার্থী-অভিভাবকদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। বেগুনবাড়ি এলাকার বাসিন্দা মাহবুবুর রহমান বলেন, মেয়ে হলিক্রস কলেজে পড়ে। এই পথ দিয়ে চলার কোনো জো নেই।জানা গেছে, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ‘অপারেশন ক্লিনহার্ট’ চলাকালে রাস্তাটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হলেও ওই সরকারেরই শেষ সময়ে রাস্তাটি আবার দখল হয়ে যায়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ও এখান থেকে ট্রাকস্ট্যান্ড সরানো হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রাস্তাটি পুনরায় দখলে চলে যায়।সূত্র জানায়, বিভিন্ন সময় ক্ষমতাসীন দলের নেতারা নানাভাবে এই জায়গাটিকে নিয়ন্ত্রণ করেছেন। কেউ কেউ অস্থায়ী স্থাপনা তৈরি করে ভাড়াও দিয়েছেন। এখানে মদ এবং জুয়ার আসরও বসে। কিছু লোক জায়গাটিকে তাঁদের আয়ের পথ হিসেবে ব্যবহার করছেন।পাল্টাপাল্টি দখল: রাজধানীর প্রাণকেন্দ্রের এই দামি জায়গাটি দখলের মহড়া এখন যেকোনো সময় ভয়াবহ সংঘর্ষে রূপ নিতে পারে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় মান্নান মল্লিক নামে এক ব্যক্তি ভুয়া কাগজপত্র তৈরি করে ট্রাকস্ট্যান্ডের উত্তর দিকের প্রায় ১০ বিঘা দখল করে উঁচু দেয়াল তৈরি করেন। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই দেয়াল ভেঙে ফেলেছেন মালিক-শ্রমিকেরা। সম্প্রতি ট্রাকমালিক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন মজুমদার একাংশ দখল করতে গেলে অন্য একটি দল এতে বাধা দেয়। এ বিষয়ে তেজগাঁও থানায় মামলাও হয়েছে।তোফাজ্জল মজুমদার বলেন, রেলওয়ে তাদের মালিকানা দেখাতে পারেনি। সর্বশেষ জরিপে কামাল পাশা গংয়ের নামে এই জমি। তিনি কামাল পাশার কাছ থেকে পেয়েছেন এবং সে অনুযায়ী সাইনবোর্ড লাগিয়েছেন।রেলওয়ের বিভাগীয় ভূমি কর্মকর্তা আহমদুল হক প্রথম আলোকে বলেন, তেজগাঁও ট্রাকস্ট্যান্ড রেলওয়ের জমিতে। এখানে কারও মালিকানা দাবি করার সুযোগ নেই।