তেজগাঁও-মিরপুরে বিদ্যুতের বারবার আসা-যাওয়া, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও ও মিরপুর ১১ নম্বর এলাকায় লুকোচুরি খেলছে বিদ্যুৎ। কয়েক দিন ধরে এ সমস্যা দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার এটি বড় ধরনের সমস্যা হিসেবে দেখা দেয়। বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হলেও সমস্যার কারণ চিহ্নিত করতে পারেনি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)।

তেজগাঁও থানাধীন নাখালপাড়া ও তেজকুনিপাড়া এলাকায় এ সমস্যা প্রকট। গতকাল রাত সাড়ে ১০টা থেকে টানা চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। দিবাগত রাত আড়াইটার দিকে বিদ্যুৎ এলেও আধা ঘণ্টা পর আবারও তা বন্ধ হয়ে যায়। এর পর ভোরে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। কিন্তু তা স্থির ছিল না। একাধিকবার বিদ্যুৎ আসা-যাওয়া করেছে। সবশেষ বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

আল আমিন নামের নাখালপাড়ার এক বাসিন্দা প্রথম আলোকে বলেন, প্রচণ্ড গরমে দফায় দফায় বিদ্যুৎ চলে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্ক ব্যক্তিদের বেশি কষ্ট হচ্ছে। গত সপ্তাহে ঝড়-বৃষ্টি শুরু হওয়ার পর থেকে বিদ্যুতের সমস্যা শুরু হয়েছে। অভিযোগ করেও এর সমাধান হয়নি।

নাখালপাড়া এলাকার আরও কয়েকজন বাসিন্দা জানান, এখানকার বিদ্যুৎ সরবরাহ লাইনের তার পুরোনো হয়ে গেছে। ঝড়-বৃষ্টির সময় হলে তার বিচ্ছিন্ন হয়ে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। এ ছাড়া পুরোনো ট্রান্সফরমার বিস্ফোরণের জন্যও বিদ্যুতের সমস্যা হচ্ছে।

তেজগাঁও এলাকার ডিপিডিসির কর্মকর্তা আবদুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, গতকাল রাতে শিয়া মসজিদের গলিতে যান্ত্রিক ত্রুটির জন্য বিদ্যুৎ সরবরাহে সমস্যা হয়েছিল। রাতে এর কারণ শনাক্ত করা যায়নি। আজ সকালে ত্রুটি মেরামতের পর বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। বেলা ১১টার দিকে ছাপড়া মসজিদের সামনে বিদ্যুতের তারে গাছের ডাল পড়ে সরবরাহ বন্ধ হয়ে যায়। মেরামতের পর সাড়ে ১১টার দিকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

তেজগাঁও এলাকার ডিপিডিসির এক প্রকৌশলী বলেন, তেজগাঁও-নাখালপাড়ায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় ত্রুটি আছে। তবে ত্রুটির কারণ ও কোথায়, তা তাঁরা বের করতে পারেননি। এর আগেও এই এলাকায় একই ধরনের সমস্যা হয়েছিল। ত্রুটির কারণ বের করতে গতকাল ডিপিডিসির প্রকৌশলীরা কাজ করছেন। তবে বিকল্প ব্যবস্থায় এখানে বিদ্যুৎ বিতরণ করা হচ্ছে।

তেজগাঁও এলাকার মতো রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকায় বিদ্যুতের সমস্যা হচ্ছে। আজ সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত চারবার বিদ্যুৎ বন্ধ হয়েছে বলে জানান ১১ নম্বর কালশীর সাংবাদিক আবাসিক এলাকার বাসিন্দা ফারহানা আহমেদ।