তেজগাঁও রেলওয়ে বস্তিতে আগুন, দগ্ধ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁওয়ে রেলওয়ে কলোনি বস্তিতে আজ শুক্রবার সকালে আগুন লাগার ঘটনা ঘটে। এতে বস্তির একজন বাসিন্দা দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মরতা মিজানুর রহমান প্রথম আলোকে জানান, রেলওয়ে কলোনি বস্তিতে আজ সকাল নয়টা দশ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। আগুনে বস্তির বেশ কিছু ঘর পুড়ে গেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে। সকাল সাড়ে দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এখনো সেখানে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। কারণ অনুসন্ধান করা হচ্ছে।
ওই কর্মকর্তা জানান, আগুনে মানিক মিয়া নামের একজন আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, মানিক মিয়া (৩৫) ওই বস্তিতেই থাকেন। তিনি ভ্যানচালক। আগুন লাগার সময় তিনি ঘরে ছিলেন। ঘর থেকে বের হওয়ার সময় তাঁর গায়ে আগুন লেগে যায়।
ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল প্রথম আলোকে জানিয়েছেন, মানিক মিয়া আশঙ্কামুক্ত। তাঁর শরীরের ১৬ শতাংশ পুড়ে গেছে।