তেজগাঁও শিল্প এলাকা হবে ঢাকার মধ্যে অত্যাধুনিক ঢাকা : গণপূর্তমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকা নিয়ে মাস্টারপ্ল্যানের বিভিন্ন প্রস্তাব বিস্তারিত আলোচনা শেষে চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে এসব সুপারিশ উপস্থাপন করা হবে। 

আজ রোববার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে তেজগাঁও শিল্প এলাকা নিয়ে মাস্টারপ্ল্যান পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, তেজগাঁও শিল্প এলাকাকে শিল্প-কাম-বাণিজ্যিক ও আবাসিক এলাকায় রূপান্তর করে ঢাকার মধ্যে অত্যাধুনিক ঢাকা গড়ে তোলা হবে। এ এলাকায় কোনো স্থাপনা নির্মাণে এ মাস্টারপ্ল্যান অনুসরণ করতে হবে। মন্ত্রী বলেন, এখানে প্রতিটি ভবনের নিজস্ব পার্কিং–ব্যবস্থা থাকবে। এ এলাকায় কাজের জন্য আসা মানুষজনের জন্য আলাদা পার্কিং ভবন নির্মাণ করা হবে। গণপূর্ত অধিদপ্তরের নিয়ন্ত্রিত প্লটগুলোতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণ করা হবে। এ এলাকায় কোনো ভারী ও শ্রমঘন শিল্প স্থাপনে অনুমতি দেওয়া হবে না।
মোশাররফ হোসেন বলেন, বেসরকারি প্লটে শিল্প, বাণিজ্যিক ভবন, হোটেল, হাসপাতাল ইত্যাদি স্থাপনা নির্মাণ করা হলে পয়োবর্জ্য, রাসায়নিক বর্জ্য ও বায়ু পরিশোধনের নিজস্ব ব্যবস্থা রাখতে হবে। এ এলাকার মাস্টারপ্ল্যানের বিভিন্ন সুপারিশ সঠিকভাবে বাস্তবায়নের বিষয়ে তেজগাঁও শিল্প মালিক কল্যাণ সমিতিকে সম্পৃক্ত করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, কোনো বিষয়ে ত্রুটি দেখলে সমিতি তা রাজউককে অবহিত করবে।
সভায় গৃহায়ণ ও গণপূর্তসচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজউক চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন, অতিরিক্ত সচিব এম বজলুল করীম চৌধুরী, প্রধান প্রকৌশলী মো. হাফিজুর রহমান মুন্সী, নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ফওজী বিন ফরিদ, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব জ্যোতির্ময় দত্ত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলামসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।