তেজগাঁও সংযোগ সড়কে বসছে বিভাজক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেজগাঁও সাতরাস্তা থেকে কারওয়ান বাজার-সংলগ্ন রেললাইন পর্যন্ত তেজগাঁও সংযোগ সড়কের সংস্কারকাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। চলছে দুটি আলাদা লেন তৈরি করার কাজ ও ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ। সড়কে নেই কোনো অবৈধ ট্রাক-কাভার্ড ভ্যান।
সরেজমিন ঘুরে দেখা যায়, সিটি করপোরেশনের কর্মীরা দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করছেন। রাস্তার মাঝে ট্রাফিক পুলিশ দড়ি ও প্লাস্টিকের রঙিন কোণ রেখে রাস্তায় দুটি লেন করে যানবাহন চলাচলের ব্যবস্থা করেছেন। সড়ক বিভাজক (মিডিয়ান) তৈরির জন্য কংক্রিটের ব্লক এনে রাখা হয়েছে।
গত ২৯ নভেম্বর ডিএনসিসি কর্তৃপক্ষ এই সড়কে থাকা ট্রাক-কাভার্ড ভ্যানগুলো ট্রাকস্ট্যান্ডের ভেতরে ঢোকানোর জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। এ সময় শ্রমিকেরা উচ্ছেদকারীদের বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পরদিন ট্রাকমালিকেরা নিজেরা সড়ক থেকে ট্রাক সরিয়ে নেন।
সাতরাস্তা থেকে কারওয়ান বাজার-সংলগ্ন রেললাইন পর্যন্ত প্রায় ১০০ ফুট প্রস্থের এই সড়ক দীর্ঘদিন ধরে অবৈধভাবে ট্রাক রেখে দখল করে রাখা হয়েছিল। ট্রাক সরে গেলেও দীর্ঘদিনের অযত্ন-অবহেলায় সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ডিএনসিসি কর্তৃপক্ষ সড়কটিকে যান চলাচলের উপযোগী করতে উন্নয়নকাজ শুরু করে।
ট্রাকস্ট্যান্ডের ভেতরের অবৈধ স্থাপনা উচ্ছেদের পরে ডিএনসিসির পক্ষ থেকে সেখানকার জমি মসৃণ করে দেওয়া হচ্ছে। যাতে সেখানে আরও বেশি ট্রাক জায়গা হয়। ডিএনসিসি আশা করছে, সড়কটির উন্নয়নকাজ শেষ হলে আশপাশের এলাকাগুলোয় যানজট অনেকাংশে কমে যাবে। একই সঙ্গে পুনরায় সড়কে ট্রাক-কাভার্ড ভ্যান রাখা থেকে বিরত রাখা যাবে। তেজগাঁও লিংক রোডটি পুরোদমে চালু হলে ফার্মগেট থেকে খুব সহজেই সাতরাস্তা যাওয়া যাবে।