তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদেরঅবরোধ
বেতন বৃদ্ধি ও অতিরিক্ত কাজের পারিশ্রমিকের দাবিতে গতকাল বুধবার বেলা ১১টা থেকে দেড় ঘণ্টা রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বেলা সোয়া ১১টার দিকে সেপাল গার্মেন্টসের কর্মীরা কাজ বন্ধ করে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার নাবিস্কো মোড়ে নেমে সড়ক অবরোধ করেন। তাঁরা বেতন বৃদ্ধি, টিফিন ও অতিরিক্ত কাজের পারিশ্রমিক ও মাতৃত্বকালীন ছুটির দাবিতে এলাকায় সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।
খবর পেয়ে ওই অঞ্চলের আরও আট-নয়টি পোশাক কারখানার শ্রমিকেরা তাঁদের সঙ্গে যোগ দেন। হাজারো শ্রমিক রাস্তায় অবস্থান নেওয়ায় তেজগাঁও শিল্পাঞ্চল থেকে মহাখালী ও গুলশান লিংক রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ তাঁদের রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করে। কিন্তু তাঁরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সরে যেতে অস্বীকৃতি জানান। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের সাঁজোয়া যান লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। একপর্যায়ে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মালিকপক্ষের আশ্বাস পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকেরা রাস্তা থেকে সরে যান। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, কারখানার মালিকের সঙ্গে পোশাকশ্রমিক-প্রতিনিধিদের বৈঠকে কয়েকটি দাবি পূরণে রাজি হয়েছে মালিকপক্ষ। এরপর পোশাকশ্রমিকেরা আজ বৃহস্পতিবার কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।