তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও এলাকায় গতকাল সোমবার পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। সকালে ও দুপুরে দুই দফায় সংঘর্ষ ও সড়ক অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তেজগাঁও-গুলশান সংযোগ (লিংক) সড়কের ইউটা গার্মেন্টসের শ্রমিকেরা গতকাল সকাল আটটার দিকে কর্মস্থলে গিয়ে কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। এর পরই শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং সেখানেই স্লোগান দেওয়া শুরু করেন। কয়েক শ শ্রমিক তেজগাঁও-গুলশান লিংক রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁদের সঙ্গে যোগ দেন আরও কয়েকটি কারখানার শ্রমিকেরা। তাঁরা কারখানা খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন। শ্রমিকেরা এ সময় কিছু যানবাহন ও কয়েকটি পোশাক কারখানায় বাইরে থেকে ভাঙচুর চালান। পরে পুলিশ এসে শ্রমিকদের সরে যেতে বললে তাঁরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এ সময় দুই পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পুলিশও কাঁদানে গ্যাসের শেল ও গুলি ছোড়ে। সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি শান্ত হয়।

পরে বেলা একটার দিকে আবার রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। তাঁরা গুলশান লিংক রোডের সেভয় (আইসক্রিম কারখানা) মোড়ে অবরোধ করেন। এ সময় তাঁরা পুলিশের গুলিতে শ্রমিক আহত হওয়ার বিচার চেয়ে স্লোগান দেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন। বেলা তিনটা থেকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ায় উভয় পক্ষে অন্তত ৩০ জন আহত হন। তাঁদের মধ্যে তিনজন শ্রমিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এর মধ্যে ইউটা গার্মেন্টসের শ্রমিক বিদ্যুতের (২৮) মাথায় ও সেপাল গার্মেন্টসের শ্রমিক শারমীন আক্তারের (২০) মাথা ও পিঠে রাবার বুলেট বিদ্ধ হয়। একই ঘটনায় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে পুলিশের পাঁচ সদস্য আহত হন বলে জানা গেছে।

সকালে সংঘর্ষের পর ইউটা গার্মেন্টসের শ্রমিক হালিমা খাতুন বলেন, দীর্ঘদিন ধরে বেতন বাড়ানোর কথা বললেও কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করছে না। এরপর বিনা নোটিশে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। আরেক শ্রমিক হারুনের অভিযোগ, পরিশ্রমের অনুপাতে তাঁদের বেতন খুবই কম। কারখানার কর্মকর্তাদের বেতন বাড়ানো হয়, কিন্তু শ্রমিকদের বেতন বাড়ানো হয় না।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ইউটা গার্মেন্টসের শ্রমিকেরা বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে এক সপ্তাহ ধরে কর্মবিরতি পালন করে আসছিলেন। গতকাল কারখানা বন্ধের নোটিশ দেখে তাঁরা বিক্ষোভ শুরু করেন। মঙ্গলবার (আজ) তাঁদের দাবির বিষয়ে মালিক, শ্রমিক ও বিজিএমইএর নেতাদের নিয়ে বৈঠক হবে।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব সরকার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩০টি রাবার বুলেট ও কিছু কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়েছে।