তেজগাঁওয়ে দুটি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, আহত ২৫
রাজধানীর তেজগাঁওয়ে দুটি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ২৫ জন আহত হন। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে।শ্রমিকেরা জানান, তেজগাঁওয়ের বিটাকের মোড়ে পদ্মা পলি কটন কারখানায় ঈদের আগে-পরে মিলে ১৫০ শ্রমিক ছাঁটাই করে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে গত ১৮ সেপ্টেম্বর রাস্তায় নামেন শ্রমিকেরা। এ নিয়ে শ্রমিকনেতাদের সঙ্গে বিজিএমইএ ভবনে কয়েক দফা বৈঠকও হয়। কিন্তু কোনো সুরাহা হয়নি। শ্রমিকেরা জানান, গতকাল সকালে এসে কারখানা বন্ধ দেখে পদ্মার সুইং শাখার শ্রমিকেরা তেজগাঁওয়ের সাতরাস্তায় সড়ক অবরোধ করেন। পরে তাঁরা বিজিএমইএ ভবনে গিয়ে বিক্ষোভ করেন। সকাল ১০টার দিকে তাঁরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকেরা পদ্মার আরেকটি কারখানায় হামলা চালান। ওই কারখানার পাশেই নাসা গ্রুপের একটি কারখানা। পদ্মা কারখানার আক্রান্ত শ্রমিকেরা মনে করেছিলেন, নাসা গ্রুপের শ্রমিকেরা হামলা করেছেন। এ ভেবে তাঁরা নাসা গ্রুপের কারখানায় হামলা চালালে দুই কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় শ্রমিকেরা দুই কারখানারই কাচ ভাঙচুর করেন।সংঘর্ষ থামাতে গেলে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন ও লাঠিপেটা করেন। এ সময় তেজগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার হারুন অর রশীদসহ শিল্পাঞ্চল থানার তিন উপপরিদর্শক মনির, রুহুল ও নজরুলসহ কয়েকজন কনস্টেবল আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ও র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ভুল বোঝাবুঝির ফলে দুই কারখানার শ্রমিকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছুড়ে বেলা ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।পদ্মার ব্যবস্থাপক আক্তারুস সামাদ জানান, তাঁদের সুইং সেকশনে কিছুদিন ধরে শ্রমিক অসন্তোষ চলছিল। এ নিয়ে বিজিএমইএ ভবনে বেশ কয়েকবার বৈঠক হয়েছে। সর্বশেষ গত রোববার রাতে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। সোমবার সকালে শ্রমিকেরা কারখানা বন্ধ দেখে প্রথমে বিজিএমইএ ভবনে যান। সেখান থেকে পদ্মার সামনে ফিরে এলে নাসার শ্রমিকেরা হঠাৎ করে তাঁদের ওপর হামলা চালান।অপরদিকে, নাসার নির্বাহী পরিচালক মেজর (অব.) আবদুর রাজ্জাক জানান, নাসা গ্রুপের কোনো কারখানায় শ্রমিক অসন্তোষ নেই। নাসা যাতে ঠিকমতো চলতে না পারে, সে জন্য তাঁদের শ্রমিক ও প্রতিষ্ঠানের ওপর হামলা চালানো হয়েছে।