তেজগাঁওয়ে ভবনের একাংশ হেলে পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁওয়ে একটি ছয়তলা ভবনের একাংশ হেলে পড়েছে। এই অবস্থায় ভবনটির উত্তর পাশে তৃতীয় থেকে ষষ্ঠ তলা পর্যন্ত একটি তৈরি পোশাক কারখানার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সেখান থেকে ভারী সব যন্ত্রপাতিও সরিয়ে নিতে বলা হয়েছে।
গতকাল ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মণিপুরিপাড়ায় অবস্থিত ১৪৫ নম্বর ভবনটির একাংশে এয়ারপোর্ট রোড সুপার মার্কেট, অন্য অংশের চারটি ফ্লোরজুড়ে কন্টিনেন্টাল অ্যাপারেলস লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানা। উত্তর পাশের ওই অংশটি পাশের একটি ভবনের সঙ্গে প্রায় লেগে আছে। এ সময় ঘটনাস্থল পরিদর্শনে আসা রাজউকের জোন-৫-এর অথরাইজড অফিসার এ জেড এম শফিউল হান্নান বলেন, ‘সকালে তেজগাঁও থানা পুলিশের কাছ থেকে বিষয়টি জানতে পেরে আমরা এখানে আসি। তবে বিষয়টি এক দিনে কিংবা হঠাৎ ঘটেছে বলে মনে হয়নি। হেলে পড়া অংশে শেওলা জমে আছে। ওই অংশের কলাম, বিম বা ছাদে কোনো ধরনের ফাটল চোখে পড়েনি।’
ভবনটি অনেক পুরোনো হওয়ায় আস্তে আস্তে বিষয়টি ঘটেছে বলে মনে করছেন শফিউল হান্নান। এই অবস্থায় ভবনমালিককে যত দ্রুত সম্ভব বুয়েট থেকে বিশেষজ্ঞ দল এনে বিষয়টি পরীক্ষা করে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান।