তেজগাঁওয়ে সোয়েটার কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁওয়ে গতকাল সোমবার দুপুরে একটি সোয়েটার কারখানায় আগুন লাগার পর দমকল বাহিনীর কর্মীসহ পাঁচজন আহত হয়েছেন।দমকল বাহিনী সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সোয়া একটার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ২৫১/বি প্লটের ফোকাস ফ্যাশন্স লিমিটেড নামে একটি সোয়েটার তৈরির কারখানায় আগুন লাগে। তিন ঘণ্টারও বেশি সময় জ্বলার পর বিকেল সাড়ে চারটার দিকে আগুন নেভাতে সক্ষম হন দমকল বাহিনীর কর্মীরা।কারখানাটির মালিক সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির নেতা মেজর (অব.) কামরুল ইসলাম জানান, কারখানার পাঁচতলায় আগুন লাগে। সেখানে সুতা রাখার পাশাপাশি সুতা ওয়াইন্ডিং (পেঁচানো) হতো। কারখানার শ্রমিক ও ফায়ার সার্ভিসের কর্মীদের আন্তরিক চেষ্টার ফলে আগুন পুরো কারখানায় ছড়াতে পারেনি।প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে পাঁচতলার সব মালামাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সুনির্দিষ্টভাবে জানা যায়নি। কীভাবে আগুন লেগেছে তাও জানাতে পারেনি দমকল বাহিনী। তবে শ্রমিকেরা জানান, পাঁচতলার একটি বৈদ্যুতিক পাখা থেকে আগুনের সূত্রপাত হয়।কারখানাটির শ্রমিক নূরজাহান জানান, দুপুরের খাবারের বিরতিতে আগুন লাগে। বেশির ভাগ কর্মীই খাবার খেতে নিচে যান। তিনিসহ কয়েকজন পাঁচতলায় যান। হঠাৎই তাঁরা তাপ অনুভব করতে থাকেন। একসময় দেখেন সুতায় আগুন জ্বলছে। তাঁরা প্রথমে নেভানোর উদ্যোগ নেন এবং চিৎকার করতে থাকেন। কিন্তু পরে আগুন বেড়ে যাওয়ায় তাঁরা নিচে নেমে আসেন। এ সময় কারখানায় খুব বেশি শ্রমিক ছিলেন না বলে সবাই নিরাপদে নিচে নামতে পেরেছেন।আগুন নেভাতে গিয়ে কারখানার শ্রমিক অনুকূল (৩০) ও আইয়ুব (৩০) পড়ে গিয়ে আহত হন। কালো ধোঁয়ায় অন্য একটি কারখানার কর্মী সুলতান হোসেন, সুলতান আহমেদ ও শাজাহান অসুস্থ হয়ে পড়েন। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন দমকল বাহিনীর সিনিয়র স্টেশন কর্মকর্তা মামুনুর রশীদ।