তেজতুরি বাজারে অগ্নিদগ্ধ একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজতুরি বাজারে অগ্নিদগ্ধ ভ্যান চালক আব্দুল লতিফ মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে তিনি মারা যান। তার শরীরের ৯৬ শতাংশ পুড়ে গিয়েছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক(এস আই) আব্দুল লতিফের মারা যাওয়ার খবর নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর তেজতুরি বাজারে পোশাক কারখানার সরঞ্জাম ও বৈদ্যুতিক সামগ্রী বিক্রির একটি দোকানে আগুন লেগে দোকানের মালিক ও পথচারীসহ ১১ জন গুরুতর দগ্ধ হন।
দগ্ধ ব্যক্তিরা হলেন দোকান মালিক মাহমুদুল হাসান (৩৮), ব্যবস্থাপক সফিউল আজম (৪৫), কর্মচারী মোতালেব (১২) ও ইব্রাহিম খলিল (৩৬), পথচারী ভ্যানচালক জহিরুল ইসলাম (৬০), আবদুল লতিফ (৭০) ও মাকসুদুর রহমান (২৬), পাশের ভবনের নিরাপত্তাকর্মী জাকির হোসেন (২৫) এবং খাবার হোটেলের কর্মী উজ্জ্বল (২৫)।
এ ছাড়া, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিবিএ। শিক্ষার্থী শাম্মী আকতার (১৯) ও নর্দান ইউনিভার্সিটির তড়িত্ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ইফফাত আরা (২০) দগ্ধ হন। ঘটনার সময় তাঁরা দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বেলা তিনটার দিকে ৭২ তেজতুরি বাজারের একটি পোশাক কারখানার নীচতলায় মাহমুদ সুইং অ্যান্ড ইলেকট্রিক নামের ওই দোকানে আগুন ধরে যায়। পোশাকের রং করা থেকে শুরু করে কাপড় থেকে দাগ তোলার ‘থিনার’সহ নানা কেমিক্যাল বিক্রি করা হতো দোকানটিতে।
একপর্যায়ে দাহ্য পদার্থ থিনারের ড্রাম বিস্ফোরণ ঘটে আগুনের শিখা গোটা দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় দোকান মালিক ও কর্মচারীরা দগ্ধ হন। আগুন দোকানের সামনেও ছড়িয়ে পড়ে। এতে পথচারী দুই ছাত্রীর পা পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের তেজগাঁওয়ের দুটি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল পৌনে চারটার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই আশপাশের লোকজন দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।তাঁদের শরীরের ২০ থেকে ৯৬ শতাংশ পুড়ে গেছে। খবর পেয়ে আসা স্বজনেরা দগ্ধদের অসহনীয় যন্ত্রণা দেখে বিলাপ করতে থাকেন।
প্রত্যক্ষদর্শী আলাউদ্দিন পোশাক কারখানার মান নিয়ন্ত্রণ বিভাগের কর্মী জুনায়েদ কবির জানান, ছুটি থাকায় তিনি কারখানার নীচে আড্ডা দিচ্ছিলেন। হঠাত্ দোকানের ভেতর বিকট শব্দ পান।
এর পরই দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা গোটা দোকানে ছড়িয়ে পড়ে। দোকানের বাইরে বেরিয়ে পড়ছিল আগুনের গোলা। মনে হচ্ছিল, মানুষের পেছনে আগুন দৌড়াচ্ছে। কয়েক মিনিটের মধ্যে দোকাটিই পুড়ে ছাই হয়ে গেল।
বার্ন ইউনিটের অধ্যাপক সাজ্জাদ খন্দকার সাংবাদিকদের বলেন, দগ্ধদের পাঁচজনের অবস্থা সংকটাপন্ন। অন্যরাও আশঙ্কামুক্ত নন।
ফায়ার নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা ভজন সরকার প্রথম আলোকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দোকানটিতে আগুনের সৃষ্টি হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিস বলছে, দোকানটিতে থাকা অতি উচ্চমাত্রার রাসায়নিক দাহ্য পদার্থের কারণে অল্প সময়ে বেশি মানুষ দগ্ধ হয়েছেন।
তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, কেমিক্যালগুলো সেখানে বৈধভাবে রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।