তেজতুরী বাজারে অগ্নিদগ্ধ আরও দুজনের মৃত্যু
রাজধানীর তেজতুরী বাজারে গতকাল বৃহস্পতিবার আগুন লাগার ঘটনায় ইব্রাহিম খলিল ও সফিউল আজম নামের আরও দুজন অগ্নিদগ্ধ ব্যক্তি মারা গেছেন।
আজ শুক্রবার বেলা একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় তাঁরা মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান সমন্বয়কারী সামন্ত লাল সেন প্রথম আলোকে জানান, দুজনেরই শরীরের ৭০ শতাংশের বেশি পুড়ে গিয়েছিল।
এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ভ্যানচালক আবদুল লতিফ মারা যান।
গতকাল বিকেলে রাজধানীর তেজতুরী বাজারে পোশাক কারখানার সরঞ্জাম ও বৈদ্যুতিক সামগ্রী বিক্রির একটি দোকানে আগুন লেগে দোকানের মালিক ও পথচারীসহ ১১ জন গুরুতর দগ্ধ হন।
দগ্ধ ব্যক্তিরা হলেন দোকানমালিক মাহমুদুল হাসান (৩৮), ব্যবস্থাপক সফিউল আজম (৪৫), কর্মচারী মোতালেব (১২) ও ইব্রাহিম খলিল (৩৬), পথচারী ভ্যানচালক জহিরুল ইসলাম (৬০), আবদুল লতিফ (৭০) ও মাকসুদুর রহমান (২৬), পাশের ভবনের নিরাপত্তাকর্মী জাকির হোসেন (২৫) এবং খাবার হোটেলের কর্মী উজ্জ্বল (২৫)।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিবিএর শিক্ষার্থী শাম্মী আকতার (১৯) ও নর্দার্ন ইউনিভার্সিটির তড়িত্ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ইফফাত আরা (২০) দগ্ধ হন। ঘটনার সময় তাঁরা দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বেলা তিনটার দিকে ৭২ তেজতুরী বাজারের একটি পোশাক কারখানার নিচতলায় মাহমুদ সুইং অ্যান্ড ইলেকট্রিক নামের ওই দোকানে আগুন ধরে যায়। পোশাকের রং করা থেকে শুরু করে কাপড় থেকে দাগ তোলার ‘থিনার’সহ নানা কেমিক্যাল বিক্রি করা হতো দোকানটিতে।
একপর্যায়ে দাহ্যপদার্থ থিনারের ড্রামে বিস্ফোরণ ঘটে আগুনের শিখা গোটা দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় দোকানমালিক ও কর্মচারীরা দগ্ধ হন। আগুন দোকানের সামনেও ছড়িয়ে পড়ে। এতে পথচারী দুই ছাত্রীর পা পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের তেজগাঁওয়ের দুটি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল পৌনে চারটার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই আশপাশের লোকজন দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাঁদের শরীরের ২০ থেকে ৯৬ শতাংশ পুড়ে গেছে। খবর পেয়ে ছুটে আসা স্বজনেরা দগ্ধদের অসহনীয় যন্ত্রণা দেখে বিলাপ করতে থাকেন।
প্রত্যক্ষদর্শী আলাউদ্দিন পোশাক কারখানার মান নিয়ন্ত্রণ বিভাগের কর্মী জুনায়েদ কবির জানান, ছুটি থাকায় তিনি কারখানার নিচে আড্ডা দিচ্ছিলেন। হঠাত্ দোকানের ভেতর বিকট শব্দ পান।
এর পরই দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা গোটা দোকানে ছড়িয়ে পড়ে। দোকানের বাইরে বেরিয়ে পড়ছিল আগুনের গোলা। মনে হচ্ছিল, মানুষের পেছনে আগুন দৌড়াচ্ছে। কয়েক মিনিটের মধ্যে দোকানটিই পুড়ে ছাই হয়ে গেল।
বার্ন ইউনিটের অধ্যাপক সাজ্জাদ খন্দকার সাংবাদিকদের বলেন, দগ্ধদের পাঁচজনের অবস্থা সংকটাপন্ন। অন্যরাও আশঙ্কামুক্ত নন।
ফায়ার নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা ভজন সরকার প্রথম আলোকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দোকানটিতে আগুনের সৃষ্টি হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিস বলছে, দোকানটিতে থাকা অতি উচ্চমাত্রার রাসায়নিক দাহ্যপদার্থের কারণে অল্প সময়ে বেশি মানুষ দগ্ধ হয়েছেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, কেমিক্যালগুলো সেখানে বৈধভাবে রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।