রাজধানীর তেজতুরী বাজার এলাকা থেকে গতকাল মঙ্গলবার সকালে পুলিশ ঈশান খান ওরফে রুবেল (১৯) নামের এক তরুণের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে। নিহত তরুণ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তেজগাঁও বিজ্ঞান কলেজ কেন্দ্রে দশম শ্রেণীতে পড়তেন।এদিকে গতকাল বিকেলে পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে দেবাশীষ দাস নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করে। তিনি তিতুমীর কলেজের ছাত্র বলে জানা গেছে। ঈশান খুনের ব্যাপারে পুলিশ জানিয়েছে, গতকাল সকালে পুলিশ পশ্চিম তেজতুরী বাজার এলাকার আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সীমানাপ্রাচীরসংলগ্ন একটি ডাস্টবিন থেকে তার লাশ উদ্ধার করা হয়। অপহরণের পর ঈশানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাঁর সারা শরীর থেঁতলানো। মা-বাবার সঙ্গে তিনি ৯ নম্বর তেজতুরী বাজার গার্ডেন রোডের বাসায় থাকতেন। স্বজনদের অভিযোগ, ঈশানের বন্ধুর ভাই টিটু তার সহযোগীদের নিয়ে ঈশানকে খুন করেছে। নিহত ঈশানের বাবা আইয়ুব আলী জানান, পড়াশোনার পাশাপাশি ঈশান উত্তরায় তাঁর বন্ধুর ভাই টিটুর কম্পিউটার প্রতিষ্ঠানে কাজ করতেন। টিটুর ছোট ভাই রিফাত ঈশানের বন্ধু। ঈদের আগে টিটুর কাছ থেকে রিফাত একটি কম্পিউটার এনেছিল। গত রোববার বিকেল তিনটার দিকে তেজতুরী বাজারের বাসা থেকে ওই কম্পিউটারটি টিটুর বাসায় পৌঁছে দিয়ে ঈশান বাসায় ফিরে আসেন। ঈশানের বড় ভাই রাজু আহমেদ জানান, রোববার রাত ১০টার দিকে টিটু ও তার ভাই রিফাত তেজতুরী বাজারের বাসা থেকে ঈশানকে ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাসায় ফিরে আসেনি।তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার হারুন অর রশিদ প্রথম আলোকে জানান, বন্ধুদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের জের ধরে হত্যার ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। ঘটনার রাতে কর্তব্যরত নিরাপত্তাকর্মী ইব্রাহিম ও হাতেমকে পাওয়া গেলে এ ব্যাপারে সব জানা যাবে। কলেজছাত্রের লাশ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের জ্যোতির্ময় গুহ ঠাকুরতা ভবনের একটি কক্ষের দরজা ভেঙে গতকাল বিকেলে দেবাশীষ দাস নামের তিতুমীর কলেজের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। জগন্নাথ হলের ছাত্ররা জানান, দেবাশীষের ভাই উত্তম দাস বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের মাস্টার্সের ছাত্র। গত বৃহস্পতিবার উত্তম পূজার ছুটিতে বাড়ি চলে যান। কিন্তু প্রথম বর্ষ সমাপনী পরীক্ষার কারণে দেবাশীষ যাননি।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম সাংবাদিকদের বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে দু-তিন দিন আগে ঘটনাটি ঘটেছে। প্রেমের কারণে ছেলেটি আত্মহত্যা করতে পারে বলে তিনি ধারণা করেন।