তেজস্ক্রিয় উৎসের ব্যবহারে সচেতনতার তাগিদ
তেজস্ক্রিয় উৎস থেকে সৃষ্ট সমস্যাকে অবহেলা করার কারণে আরও ঝুঁকি বাড়ে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আএইএ) বিশেষজ্ঞ মোহাম্মদ আল-মাগরাবি। তিনি বাংলাদেশে শক্তির এই উৎসের ব্যবস্থাপনাকে নিরাপদ ও ঝুঁকিমুক্ত করার তাগিদ দিয়েছেন।
তেজস্ক্রিয় উৎস, এর সঠিক ব্যবহার ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) মিলনায়তনে আয়োজিত জাতীয় কর্মশালায় মোহাম্মদ আল-মাগরাবি এ মন্তব্য করেন। গতকাল সোমবার বিএইআরএ এবং আএইএ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
বর্তমানে চিকিৎসা, শিল্প, কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে যন্ত্রের মাধ্যমে তেজস্ক্রিয় উৎসের ব্যবহার হচ্ছে। যেমন: ক্যানসার চিকিৎসায় কোবাল্ট মৌলের উচ্চমাত্রার তেজস্ক্রিয়তার ব্যবহার করা হয়। কর্মশালায় বাংলাদেশে এই শক্তির ব্যবহারে নিরাপত্তা, সুরক্ষা ও সতর্কতার বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশের তেজস্ক্রিয় মৌলের বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে আইএইএর বিশেষজ্ঞ মোহাম্মদ আল-মাগরাবি বলেন, অসচেতনতার কারণে ঝুঁকিতে থাকছে সাধারণ কর্মী থেকে শুরু করে গোটা পরিবেশই। তিনি এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, এ কর্মশালার কল্যাণে তেজস্ক্রিয় উৎস ব্যবহারের বিষয়ে সবাই উপকৃত হবেন। শুধু তা-ই নয়, কাজের ক্ষেত্র এবং আচরণসহ মানবিক গুণাবলির সমন্বয় ঘটিয়ে কাজের পরিবেশ আরও উন্নত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএইআরএর চেয়ারম্যান অধ্যাপক নঈম চৌধুরী। এতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।