তেজস্ক্রিয় পদার্থবাহী কনটেইনার খুলে দেখলেন বিজ্ঞানীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর চত্বরে তেজস্ক্রিয় পদার্থ শনাক্ত হওয়া রপ্তানি পণ্যের কনটেইনারটি পরিদর্শন করেছে পরমাণু শক্তি কমিশনের নয় সদস্যের একটি দল। কনটেইনারটি থেকে তেজস্ক্রিয় পদার্থ সরানোর উপায় বের করতে গতকাল রোববার সকালে বন্দর চত্বরে যায় বিজ্ঞানীদের ওই দলটি। তাঁরা কনটেইনারটি খুলে দেখেন এবং বিভিন্ন নমুনা সংগ্রহ করেন।

কনটেইনারটিতে পাউডারজাতীয় পদার্থ ‘জিংঙ্ক অক্সাইড’ রয়েছে। রাসায়নিক এই পণ্য চীনে রপ্তানি হওয়ার কথা ছিল। বন্দরের কর্মকর্তারা জানান, কনটেইনারে থাকা জিঙ্ক অক্সাইড ৫০০ কেজির বেশ কয়েকটি বস্তায় রয়েছে। কোনো কারণে বস্তা ফেটে গেলে জিঙ্ক অক্সাইড বন্দর চত্বরে ছড়িয়ে পড়বে। এ জন্য সর্বোচ্চ সতর্কতা নেওয়া হচ্ছে। গত ২২ আগস্ট কনটেইনারবাহী একটি গাড়ি বন্দরের তেজস্ক্রিয় শনাক্তকরণ ফটক পার হওয়ার সময় সতর্কসংকেত বেজে ওঠে। পরে পরমাণু শক্তি কমিশন এবং মেগাপোর্ট প্রকল্পের (যুক্তরাষ্ট্রের অর্থায়নে স্থাপিত তেজস্ক্রিয়তা শনাক্তকরণ যন্ত্র বা ফটক) যৌথ পরীক্ষায় কনটেইনারে থাকা রাসায়নিক পণ্যে উচ্চমাত্রার তেজস্ক্রিয় পদার্থ শনাক্ত হয়।

চট্টগ্রাম কাস্টমস কমিশনার এ এফ এম আবদুল্লাহ খান গতকাল রোববার প্রথম আলোকে বলেন, পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা দেবাশীষ পালের নেতৃত্ব নয় সদস্যের একটি দল তেজস্ক্রিয় পদার্থবাহী কনটেইনারটি পরীক্ষা-নিরীক্ষা করেছে। তাঁরা নমুনা সংগ্রহ করেছেন।