তেভাগা আন্দোলন ছিল সমাজ ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলা মিত্র একটি সাহসের নাম, একটি ইতিহাসের নাম। তাঁর আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে, শক্তি জুগিয়েছে। তাঁর নেতৃত্বে তেভাগা আন্দোলন কোনো আঞ্চলিক আন্দোলন ছিল না। এটি ছিল সামগ্রিক সমাজব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম।কিংবদন্তি বিপ্লবী নেত্রী ইলা মিত্রের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। স্থানীয় নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখা আয়োজিত ওই আলোচনা সভায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষক মালেকা বেগম, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি অনীল মারান্ডি, আদিবাসী নেত্রী বিচিত্রা তিরকি, মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইব্রাহিম, মনোয়ারা খাতুন প্রমুখ। জাগো নারী বহ্নিশিখার সদস্য আজমিরা বিজলী এতে সভাপতিত্ব করেন।মালেকা বেগম বলেন, ‘ইলা মিত্রের শিক্ষা ও আদর্শ অনুসরণযোগ্য। আমরা তাঁর আদর্শ থেকে প্রেরণা নিয়েই বড় হয়েছি। তিনিই এখনো পথ দেখাচ্ছেন। ইলা মিত্র ভারতে থাকলেও বাংলাদেশকে নিজের দেশ মনে করতেন। আর নাচোলকে কখনোই ভোলেননি। আমি ইলা মিত্র লেখার সময় তাঁর (ইলা মিত্র) সঙ্গে অনেক কথা বলেছি। তাঁর কাছ থেকেই জেনেছি, বাংলাদেশের প্রতি তাঁর গভীর ভালোবাসার কথা। মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের সহযোগিতার কথা ভোলার নয়। তবে ইলা মিত্র আক্ষেপ করে বলতেন, তাঁর বিরুদ্ধে মামলাটি (১৯৫০ সালে নাচোলে তেভাগা আন্দোলনের সময় পুলিশের করা মামলা) থেকেই গেল। এটা তিনি বঙ্গবন্ধুকেও বলেছিলেন। বঙ্গবন্ধু জবাবে বলেছিলেন, “এখন তো আর পাকিস্তান নেই। এখন তো বাংলাদেশ। এখন আবার কিসের মামলা।” তবে ঘোষণা দিয়ে তাঁর বিরুদ্ধে মামলাটি প্রত্যাহার করা হয়নি।’সেলিনা হোসেন বলেন, ‘ইলা মিত্র ইতিহাস তৈরি করতে আন্দোলন শুরু করেছিলেন। দুঃখ হয় এই ভেবে, তাঁর নামে কোনো বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের কোনো হলের নাম বা কোনো কলেজ হয়নি। তাঁকে বড় পরিসরে প্রতিষ্ঠিত করা উচিত।’ তিনি বলেন, ‘তেভাগা আন্দোলনের মূল শক্তি আদিবাসী জনগোষ্ঠী আজও নিপীড়িত। তাদের প্রতি নির্যাতনের খবর আর শুনতে চাই না। আমরা চাই, তারা মূলধারায় আসুক। রাষ্ট্রের সব সুযোগ-সুবিধা পাক। সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে যেন তারা বেঁচে থাকতে পারে।’গতকাল সকাল ১০টায় শোভাযাত্রা দিয়ে শুরু হয় অনুষ্ঠান। আদিবাসীদের সুসজ্জিত সাংস্কৃতিক দল ঢোল, মাদল ও বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে নেচে-গেয়ে শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রার উদ্বোধন করেন মালেকা বেগম ও সেলিনা হোসেন।সাটু মিলনায়তন থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণের পর আবারও সাটু মিলনায়তনে এসে শেষ হয়। এরপর শুরু হয় আলোচনা সভা। শেষে আদিবাসী বিভিন্ন সাংস্কৃতিক দল ঐতিহ্যবাহী নাচ-গানে তাদের প্রিয় ‘রানি মা’ ইলা মিত্রকে স্মরণ করে।এসব অনুষ্ঠানে স্থানীয় সুধীজনের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও রাজশাহীর দুই শতাধিক আদিবাসী নারী ও পুরুষ অংশ নেন।