তেভাগা দিবসে শহীদদের স্মরণ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় তেভাগা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গত রোববার তেভাগা চেতনা পরিষদ নামে একটি সংগঠন আলোচনা সভা, শোভাযাত্রাসহ নানা কর্মসূচির আয়োজন করে।
দিবসটি উপলক্ষে গত রোববার বেলা ১১টায় চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের চেন্তু বটতলায় তেভাগা আন্দোলনের শহীদদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন তেভাগা চেতনা পরিষদের স্থানীয় আহ্বায়ক বিশ্বনাথ রায়। এতে সেক্টর কমান্ডারস ফোরাম দিনাজপুর জেলা সভাপতি আবুল কালাম আজাদ, সিপিবি জেলা সভাপতি মো. আলতাফ হোসাইন, ওয়ার্কার্স পার্টির জেলা সহসভাপতি রবিউল আউয়াল, বাসদ জেলা কমিটির সদস্য মনিরুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। সভায় তেভাগা আন্দোলনে অংশ নেওয়া চিরিরবন্দর উপজেলার ভিয়াইল গ্রামের দীনবন্ধু রায়কে সংবর্ধনা দেওয়া হয়। সেখান থেকে একটি শোভাযাত্রাও বের করা হয়।
১৯৪৬ সালে ৪ জানুয়ারি ব্রিটিশ পুলিশ তেভাগা আন্দোলনকারীদের গ্রেপ্তার করতে ভিয়াইল গ্রামে আসে। বেশ কয়েকজন কর্মীকে ধরে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসী পুলিশকে ঘিরে ফেলে। এ সময় পুলিশের গুলিতে সমির উদ্দিন ও শিবরাম মাঝি নিহত হন।