তেমন কোনো স্মৃতিচিহ্ন না থাকায় দর্শনার্থী কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্মৃতি জাদুঘরে তেমন কোনো স্মৃতিচিহ্ন না থাকলে জাদুঘর করার মানে কী। জাদুঘরে এসে মানুষ হতাশ হয়ে ফিরে যায়। রক্তমাখা ব্যাগ ও বালিশ, একটি কাপ ও পিরিচ এবং পাঁচটি চিঠি ছাড়া আর কিছুই নেই। তাও আমাদের বাসা থেকে দেওয়া হয়েছে।’ এভাবে ক্ষোভ প্রকাশ করলেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ভাইয়ের ছেলে ছাব্বির হোসেন।বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সাতজন বীরশ্রেষ্ঠর গ্রামে তাঁদের নামে সাতটি গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর গড়ার উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে ২০০৯ সালের ২৫ মার্চ বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের রহিমগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর গড়ার কাজ শুরু হয়। কিন্তু জাদুঘরে তেমন স্মৃতি-নিদর্শন না থাকায় দর্শনার্থীরা হতাশ হয়ে ফিরে যাচ্ছে। সম্প্রতি রহিমগঞ্জে গেলে গ্রন্থাগারে বই ও স্মৃতি জাদুঘরে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের পরিবারের দেওয়া কয়েকটি স্মৃতিচিহ্ন ছাড়া কোনো নিদর্শন চোখে পড়েনি। কোনো দর্শনার্থীকেও দেখা যায়নি। কথা হয় বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের একমাত্র ভাই মঞ্জুর রহমানের সঙ্গে। তিনি অভিযোগ করেন, ‘একজন বীরশ্রেষ্ঠর নামে সরকার একটি জাদুঘর করেছে। সেখানে তেমন কোনো নিদর্শন নেই। তাঁর জন্ম ও শহীদ হওয়ার দিনেও এখানে সরকারিভাবে কোনো কর্মসূচি নেওয়া হয় না।’ তিনি বলেন, ঢাকা জাতীয় জাদুঘর, ঢাকা সেনানিবাস এবং রাজশাহীর কাদিরাবাদ সেনানিবাসে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের অনেক স্মৃতিচিহ্ন রয়েছে। সেখান থেকে কিছু স্মৃতিচিহ্ন এখানে আনা যেতে পারে। স্মৃতি জাদুঘর ও পাঠাগারের গ্রন্থাগারিক হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, পাঠাগারের জন্য সাড়ে পাঁচ হাজার বই রয়েছে। তবে জাদুঘরে তেমন কোনো নিদর্শন না থাকায় প্রশ্নের মুখে পড়তে হয়। দর্শনার্থীর সংখ্যাও খুব কম।স্থানীয় লোকজন জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের জয়শ্রী থেকে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগারের দূরত্ব মাত্র দুই কিলোমিটার। এই সড়কটি না হওয়ায় দর্শনার্থীদের ১২ কিলোমিটার পথ ঘুরে স্মৃতি জাদুঘরে যেতে হয়। গত জুনে এই সড়কটি করার আশ্বাস দেয় জেলা পরিষদ। কিন্তু তা বাস্তবায়িত হয়নি।অন্যদিকে সন্ধ্যা নদীর ভাঙনে হুমকির মুখে রয়েছে এই জাদুঘর। স্থানীয় আবদুল গণি মিয়া অভিযোগ করেন, ‘তিন বছর ধরে শুধু ব্লক ফালাতে দেখি। এক দিন কাজ করে তিন দিন বন্ধ থাকে।’ এ কাজে নিম্নমানের উপাদান ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্ট ঠিকাদার মঈন উদ্দিন আহম্মেদ বলেন, গত বছর কাজ শেষ করার কথা ছিল। সময়মতো বরাদ্দের টাকা না পাওয়ায় কাজে দেরি হচ্ছে।