তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্স খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকসহ জনবলসংকট প্রকট। নেই পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা। ৫০ শয্যায় উন্নীত করতে ভবন তৈরির সাড়ে তিন বছর পেরোলেও প্রশাসনিক অনুমোদন মেলেনি। পুরোনো ভবনটির পরিবেশ অত্যন্ত নোংরা। সব মিলিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে খুলনার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এই হাসপাতালে চিকিৎসকের ১৫টি পদের মধ্যে ৬টি এখন শূন্য। বাকি ৯ জনের মধ্যে ৩ জন আবার অন্য হাসপাতালে সংযুক্ত রয়েছেন। অবশিষ্ট ৬ জনের মধ্যে ৪ জন সম্প্রতি বদলির আবেদন করেছেন। অবেদনবিদ (অ্যানেসথেটিস্ট) না থাকায় হাসপাতালে বছর দশেক ধরে জটিল প্রসূতিসেবাসহ সব ধরনের অস্ত্রোপচার বন্ধ রয়েছে। অথচ হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে সরঞ্জাম রয়েছে। এ ছাড়া এক্স-রে, ডেন্টাল এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম প্রভৃতি মেশিন থাকলেও টেকনিশিয়ানের অভাবে তা কাজে লাগানো যাচ্ছে না। সার্জারি, মেডিসিন ও ডেন্টাল বিভাগেও কোনো চিকিৎসক না থাকায় এসব বিভাগও কার্যত বন্ধ।
এর বাইরে দ্বিতীয় শ্রেণির (সেবিকা) ১১টি পদের ৬টি, তৃতীয় শ্রেণির ৮৬ পদের ৩৩টি এবং চতুর্থ শ্রেণির ২০ পদের ৪টি শূন্য। এর মধ্যে সুইপারের ৩টি পদে কেউ নেই। সব মিলিয়ে এখন ৪৯টি পদ শূন্য।
এলাকাবাসী ও হাসপাতালে আসা রোগীরা বলছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ছয়টি ইউনিয়নের প্রায় দেড় লাখ লোকের কম খরচে চিকিৎসার একমাত্র ভরসা। কিন্তু এখানে চিকিৎসকসহ জনবলসংকট প্রকট। যে কয়জন আছেন, তাঁদেরও নিয়মিত পাওয়া যায় না। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলছে। ফলে এলাকার গরিব লোকজন কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
এলাকাবাসীর অভিযোগের প্রমাণ মিলেছে গত ২ আগস্ট হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতির চিত্র থেকে। এদিন বেলা সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত থেকে হাসপাতালে চিকিৎসকের মধ্যে শুধু ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তাকে (আরএমও) উপস্থিত পাওয়া গেল। তিনি বহির্বিভাগে রোগী দেখছিলেন। তাঁর চারপাশে ছিল রোগীদের জটলা। জরুরি বিভাগে একজন উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা (এএসিএমও) রোগীর চাপ কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করছিলেন।
বহির্বিভাগের রোগী জয়সেনা গ্রামের কমেলা বেগমসহ অন্তত ১০ জন বলেন, অনেক কষ্ট করে হাসপাতালে আসার পর তিন-চার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছেন তাঁরা। চিকিৎসক না থাকায় প্রায়ই তাঁদের ফিরে যেতে হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোমেনা খাতুন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘চিকিৎসকেরা একেবারে থাকেন না, এমন নয়। ওই দিন আমি একটি প্রশিক্ষণে ছিলাম।’ তিনি আরও বলেন, এখানে চিকিৎসকদের থাকার জন্য কোনো আবাসিক ব্যবস্থা নেই। নিরাপত্তা এবং যোগাযোগব্যবস্থাও খারাপ। বিভিন্ন পরিস্থিতির কারণে চিকিৎসকেরা এই এলাকায় থাকতে চান না। ফলে অল্প কিছু জনবল নিয়ে তিনি কষ্ট করে প্রতিষ্ঠান চালাচ্ছেন।
এদিকে হাসপাতালটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করার জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা হয়েছে। ২০১৩ সালের জানুয়ারিতে হাসপাতালের নতুন ভবনটি উদ্বোধনও করা হয়। কিন্তু আজও ৫০ শয্যার কার্যক্রমের জন্য প্রশাসনিক অনুমোদন মেলেনি। পুরোনো জরাজীর্ণ ভবনেই বেশির ভাগ কার্যক্রম চলছে।
সরেজমিনে দেখা যায়, পুরোনো ভবনের দোতলায় ওঠার সময় সিঁড়ির নিচে আবর্জনার স্তূপ জমে আছে। দোতলার বিভিন্ন কক্ষের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে রড বেরিয়ে এসেছে। বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। বিছানা খালি পড়ে আছে। কিন্তু জুনারী গ্রামের শফিক ও পানতিতা গ্রামের ইমদাদুল হকে শুইয়ে রাখা হয়েছে হাসপাতালের বারান্দায়। তাঁরা জানালেন, ডায়রিয়ায় আক্রান্ত বলে তাঁদের বিছানা দেওয়া হয়নি।
রান্নাঘরে গিয়ে দেখা যায়, রোগীদের জন্য খাবার রান্নার কাজ চলছে অত্যন্ত নোংরা পরিবেশে। সেখানে দুটি বিড়াল জড়াজড়ি করে শুয়ে আছে। নতুন ভবনের নিচতলায় বহির্বিভাগের চিকিৎসা চলছে। দোতলায় ওঠার পথ বেঞ্চ দিয়ে বন্ধ করে রাখা হয়েছে।
বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা নাচুনি গ্রামের আমেনা বেগম বলেন, হাসপাতাল থেকে তেমন কোনো ওষুধ দেওয়া হয় না। বেশির ভাগ ওষুধই বাইরে থেকে কেনা লাগে।
এ প্রসঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আরএমও আহসান কবীর বলেন, বিপুল রোগী আসায় বহির্বিভাগের রোগীদের চাহিদা মোতাবেক ওষুধ দেওয়া সম্ভব হচ্ছে না।
খুলনার সিভিল সার্জন এ এম এম আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, এই স্বাস্থ্য কমপ্লেক্সের জনবলসংকট দূর করতে ও ৫০ শয্যার কার্যক্রম চালু করতে প্রশাসনিক অনুমোদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। তিনি আশা করছেন, দ্রুতই অবস্থার উন্নতি হবে।