তেরখাদায় অতিথি পাখি নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার তেরখাদা উপজেলার ভুতিয়ার বিলে নির্বিচারে চলছে অতিথি পাখি নিধন। এসব পাখি নিয়মিত উপজেলার বাজারে বিক্রিও হচ্ছে। কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না।এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিবছর শীতকালে অসংখ্য অতিথি পাখি আসে এই বিলে। এ সময় একশ্রেণীর শিকারি ফাঁদ পেতে ও চেতনানাশক ওষুধ দিয়ে এসব পাখি নিধন করে। এসব পাখি শিকারিদের কেউ সরাসরি হাটে তুলছে, আবার কেউ কেউ ফেরি করে বিক্রি করছে। অনেকে বেশি লাভ পেতে খাঁচায় করে বিক্রির জন্য শহরে নিয়ে যাচ্ছে। এলাকার কিছু নেতা-কর্মীর সাহায্যে শিকারিরা এ কাজটি করে চলছে। রোববার সকাল সাড়ে সাতটায় সরেজমিনে দেখা গেছে, তেরখাদা বাজারে বিক্রির জন্য শিকারিরা পাখি এনেছে। কেউ হাতে ঝুলিয়ে রেখেছে, কেউ খাঁচায় রেখে বিক্রি করছে। পাখিগুলো দ্রুত বিক্রিও হয়ে যাচ্ছে। শিকারি নূর ইসলাম বলেন, ভুতিয়ার বিলে জলাবদ্ধতার কারণে বনজঙ্গলে ভরে গেছে। এ কারণে প্রতিবছর নানা ধরনের পাখি এই বিলে আসে। এ সময় জাল পেতে এবং শাপলা ফুলের মধ্যে চেতনানাশক ওষুধ দিয়ে এসব পাখি শিকার করা হয়।নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিকারি ও বিক্রেতা জানান, তিনি বিলের বিভিন্ন এলাকার শিকারির কাছ থেকে প্রতি জোড়া ২০০ থেকে ২৫০ টাকায় কেনেন। এ ছাড়া তিনি নিজেও পাখি শিকার করেন। এই পাখি মাঝেমধ্যে তিনি খুলনা শহরে বিক্রি করতে নিয়ে যান। শহরে প্রতি জোড়া পাখি ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হয়। এ কাজ করতে তিনি পুলিশ ও স্থানীয় নেতা-কর্মীদের কিছু টাকা দিয়ে থাকেন।তেরখাদা থানার দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এসআই মামুনুর রশিদ বলেন, ‘থানার সামনে অবাধে অতিথি পাখি বিক্রি হচ্ছে—এমন দৃশ্য আগে কোথাও দেখিনি। আমার এটা খারাপ লাগায় গতকাল সকালে বন্ধ করে দিয়েছি। এতে এলাকার কিছু লোক আমাদের ওপর অসন্তুষ্ট হয়েছে। এলাকার কিছু লোকের সাহায্যে তারা এ কাজ করছে।’