তেরখাদায় আধিপত্য বিস্তার নিয়ে আ.লীগ নেতার ছেলে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার তেরখাদা উপজেলার শেখপুরা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গত বৃহস্পতিবার নজরুল ইসলাম (২৫) নামের এক যুবক খুন হয়েছেন। তিনি তেরখাদার আজগড়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও আতমলা গ্রামের লুৎফর শেখের ছেলে।সংঘর্ষে আরও তিনজন আহত হন। ভাঙচুর করা হয় আমতলা গ্রামের আট-দশটি বাড়ি। এ ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।পুলিশ ও এলাকাবাসীর ভাষ্যমতে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আজগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আমতলা গ্রামের আশরাফের সঙ্গে শেখপুরা গ্রামের আওয়ামী লীগের সমর্থক আবদুল মান্নান শেখের পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। গত বৃহস্পতিবার সকাল সাতটার দিকে উভয়পক্ষের লোকজন ঢাল, সড়কি, বল্লম, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুইপক্ষের অন্তত ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে আবদুল মান্নান শেখের স্ত্রী মীরজাহান, মোস্তাইন শেখ এবং আমতলা গ্রামের নজরুল ইসলাম ও সবুর শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে নজরুলের মৃত্যু হয়। ঘটনার পর পর তেরখাদা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উদ্ধার করে একটি কোঁচ, চারটি সড়কি, চারটি বল্লম ও একটি দা।নাম প্রকাশে অনিচ্ছুক আমতলা ও শেখপাড়া গ্রামের একাধিক বাসিন্দা জানান, এলাকায় জমি ও বাজার দখল নিয়ে মান্নান শেখ আর আশরাফের পক্ষের লোকজনের মধ্যে সব সময় মারামারি লেগেই থাকে। কিছুদিন আগে খরবাড়িয়া আবাসন প্রকল্পের জমি দখল নিয়ে এদের মধ্যে সংঘর্ষ হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ওই সংঘর্ষ বাধে। সংঘর্ষের ঘটনায় সাবেক ইউপি সদস্য আশরাফ ও আবদুল মান্নান শেখের বক্তব্য পাওয়া যায়নি।তেরখাদা থানার উপপরিদর্শক (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, আধিপত্য বিস্তার নিয়ে ওই সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়। তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এখনো কোনো পক্ষ মামলা করেনি।