তেরখাদায় দুই মাসে ২৫০ বাড়িতে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার তেরখাদা উপজেলায় গত মাস দুয়েক ধরে চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। বাড়ি থেকে চুরি হচ্ছে গরু, টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র। বাদ যাচ্ছে না ঘেরের মাছও। ছিনতাই হচ্ছে মোটরসাইকেল, পথচারীদের স্বর্ণালংকার, মুঠোফোন সেট। এ কারণে রাতে চুরির আতঙ্কে থাকে লোকজন।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলায় গত দুই মাসে ১০০টি গরু এবং প্রায় ২৫০টি ঘরে চুরি হয়েছে। এ ছাড়া বেশ কিছু ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। ঝামেলার আশঙ্কায় ভুক্ত-ভোগীরা মামলা করেন না।এলাকাবাসী অভিযোগ করেন, পুলিশের তেমন টহল না থাকায় নিয়মিত চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। তেরখাদা গ্রামের সরদার মোহম্মদ আলী বলেন, ‘আমার বাড়িতে এ পর্যন্ত বার দশেক চুরি হয়েছে। সর্বশেষ চোরেরা ঘর থেকে ২০ কেজি চাল নিয়ে গেইছে। তার আগের বারে নিয়ে গেইল সেচযন্ত্রের দুটি মোটর। ঘেরে মাছ তো চুরি হতিই আছে।’ইখুড়ি গ্রামের হুমায়ুন কবির বলেন, ‘কাঁচিকাটা, ইখড়ি, তেরখাদা গ্রামে চুরির ঘটনা বেশি ঘটছে। নাম প্রকাশে অনিচ্ছুক তেরখাদা গ্রামের একজন ব্যবসায়ী বলেন, ‘আটলে গ্রামে আট দিন আগে একসঙ্গে আট-নয়টি বাড়িতে চুরি হয়েছে। নাচুয়া গ্রামে জুয়ার আসর বসে। পুলিশ সকালে হাতেনাতে তাঁদের ধরে আবার বিকেলে তাঁরা ছাড়া পেয়ে যান।’তেরখাদা গ্রামের সাবু মোল্লা বলেন, ‘মাস দেড়েক আগে আমার ৫০ হাজার টাকা দামের একটি গরু চুরি হয়ে গেছে। ঈদের একদিন আগে নলামারা গ্রামের রাস্তা থেকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তার দেড় লাখ টাকাসহ একটি মোটরসাইকেল ছিনতাই হয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘গত দুই মাসে উপজেলায় অন্তত ১০০টি গরু চুরি এবং ২৫০ বাড়িতে চুরির খবর পেয়েছি।’তেরখাদা উপ-জেলা পরিষদের চেয়ারম্যান সরফুদ্দিন বিশ্বাস চুরির ঘটনা আরও বেশি ঘটেছে উল্লেখ করে জানান, এলাকায় চুরি-ছিনতাই বেড়ে গেছে। দু-একজনের ছত্রচ্ছায়ায় এসব হচ্ছে। পুলিশ তাঁদের ভয়ে অপরাধীদের গ্রেপ্তার করছে না। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, ‘গত দুই মাসে চুরি-ছিনতাইয়ের বেশ কিছু অভিযোগ পেয়েছি। অভিযোগগুলো তদন্ত করেছি। তবে সব কটি চুরির ঘটনা সত্য নয়।’ তিনি দাবি করেন, পুলিশ কয়েকজন চিহ্নিত চোরকে ধরে আদালতে পাঠিয়েছিল। কিন্তু সকালে তাদের আদালতে পাঠালে বিকেলেই তারা ছাড়া পেয়ে যায়। তিনি আরও জানান, কারও ভয়ে অপরাধীদের গ্রেপ্তার না করার অভিযোগ ঠিক নয়।