খুলনার তেরখাদায় যাত্রীবাহী বাস দোকানে ঢুকে পড়ায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। গোপালগঞ্জের কাশিয়ানী ও ফরিদপুরের সদর উপজেলায় গত বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় আরও দুজন নিহত হয়। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: খুলনা: গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তেরখাদা উপজেলার বলকধনা মোড়ের গোবিন্দ বিশ্বাসের মিষ্টির দোকানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে। এতে বাসটির চাপায় বলকধনা গ্রামের কালীপদ মল্লিক (৫৮) নিহত ও অপর ১৬ জন আহত হয়। প্রত্যক্ষদর্শী বলকধনা গ্রামের অসীম বাগচি বলেন, দোকানে কালীপদসহ অনেকে বসে চা পান করছিলেন। হঠাৎ বাসটি এসে দোকানে ঢুকে পড়ে। এ সময় কালীপদ বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আনোয়ার হোসেন বলেন, কালীপদের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।গোপালগঞ্জ: ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরায় গত বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে একটি মোটরসাইকেলের সঙ্গে গাছবোঝাই একটি ভ্যানের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের আরোহী গোপালগঞ্জ শহরের নবীনবাগ এলাকার আজাহারুল ইসলাম ও তাঁর স্ত্রী ঝরনা বেগম (২৫) গুরুতর আহত হন। গোপালগঞ্জ সদর হাসপাতালে আনার পর চিকিৎসকেরা ঝরনা বেগমকে মৃত ঘোষণা করেন। সদর থানার ওসি মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফরিদপুর: গত বৃহস্পতিবার রাত আটটার দিকে ফরিদপুর-চরভদ্রাসন সড়কের সদর উপজেলার পাটপাশা এলাকায় একটি ট্রাকের চাপায় ভাসান সন্ন্যাসী (৫৫) নামের এক পথচারী নিহত হন। তাঁর বাড়ি সদর উপজেলার পাটপাশা গ্রামে। ফরিদপুর কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসীনুল হক বলেন, পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন।