তেরখাদায় প্রতিপক্ষের হামলায় নিহত ১
খুলনার তেরখাদা উপজেলায় আধিপত্য বিস্তার ও শত্রুতার জের ধরে করা হামলায় কাজী ওলিয়ার রহমান (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন শাকির শেখ নামের এক ব্যক্তি। গতকাল সোমবার রাতে উপজেলার হাড়িখালী এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশের ভাষ্য, অনেক দিন আগে হাড়িখালী গ্রামে একটি সালিসকে কেন্দ্র করে উপজেলার ছাগলাদহ গ্রামের কাজী ওলিয়ার রহমানের সঙ্গে একই উপজেলার বারাসাত ইউনিয়নের হাড়িখালী গ্রামের শাকির শেখের বিরোধ চলছিল। এর জের ধরে কিছু দিন আগে ওলিয়ারের ঘরে আগুন দেন শাকির। এ ঘটনার জের ধরে গতকাল সন্ধ্যায় ওলিয়ারের লোকজন গিয়ে শাকিরকে কুপিয়ে আহত করে। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় কিছুক্ষণ পর শাকিরের লোকজন ওলিয়ারের বাড়ি গিয়ে তাঁকে কুপিয়ে জখম করে। আহত ওলিয়ারকে প্রথমে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ মর্গে নেওয়া হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন শাকিরকে গতকাল গভীর রাতে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ পাহারায় সেখানে তাঁর চিকিত্সা চলছে।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার প্রথম আলোকে জানান, শত্রুতা ও এলাকার আধিপত্য নিয়ে এ বিরোধ দেখা দেয়। ওলিয়ারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত সাকিরকে পুলিশ হেফাজতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।