তেরখাদায় সড়কের দেড় শতাধিক গাছ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার তেরখাদা উপজেলার পাতলাবাজার থেকে মাটিরকুল পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কের দুই পাশের দেড় শতাধিক গাছ কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, তেরখাদা ইউনিয়নের চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামানের ছত্রছায়ায় কিছু লোক প্রায় তিন মাস ধরে দেড় শতাধিক মেহগনি ও শিরীষ গাছ কেটে নিয়েছেন। তেরখাদার পাতলাবাজার থেকে সাচিয়াদহ হয়ে মাটিরকুল পর্যন্ত সড়কের দুই পাশে এসব গাছ ছিল।গত বুধবার সরেজমিনে দেখা গেছে, সড়কের পাশে মেহগনি ও শিরীষ গাছের বেশ কিছু কাটা গোড়া রয়েছে। এর মধ্যে কোথাও মাটি খুঁড়ে গোড়া পর্যন্ত তোলা হয়েছে, আবার কোথাও কাটা গাছের গোড়া রয়েছে।মাটিরকুল এলাকার মজিদ হোসেন বলেন, ‘চেয়ারম্যানের লোকেরা কোনো সময় রাত্রি, কোনো সময় দিনির বেলায় রাস্তার পাশের গাছগুলো কাইটে নিয়ে যাচ্ছে।’ একই ধরনের কথা জানান নাম প্রকাশ না করার শর্তে সাচিয়াদহ বাজার এলাকার একাধিক বাসিন্দা।তেরখাদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান বলেন, ‘আমি এই গাছ কাটার বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করি। আমি এদের ধরার জন্য এলাকাবাসীকে বলেছি। ’এলজিইডির সড়ক তদারকের দায়িত্বে নিয়োজিত নওশের আলী বলেন, ‘এসব গাছ আমাদের না। ’খুলনার জেলা পরিষদের প্রধান নির্বাহী আহম্মেদ আলী বলেন, এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।’