তেরেস ব্লঁশে: বাংলাদেশে জীবনযাপন
ফরাসি বংশোদ্ভূত কানাডীয় নৃতত্ত্ববিদ ও গবেষক তেরেস ব্লঁশে ১৯৭৮ সালে বাংলাদেশে এসে যখন সিদ্ধান্ত নেন এই সমাজের বিভিন্ন দিক নিয়ে গবেষণা করবেন, তখন গবেষণাক্ষেত্র বেছে নেন একটি গ্রাম। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ছোট্ট গ্রাম গামারিয়ায় ১৯৭৯ সালে শুরু হয় তাঁর বসবাস, সঙ্গে দুটি সন্তান। টানা দুই বছর বাস করেছেন সেই গ্রামের এক পরিবারের সঙ্গে। গামারিয়ার মানুষ তাঁকে শিখিয়েছে বাংলায় কথা বলা, হাত দিয়ে ভাত খাওয়া, শাড়ি আর সালোয়ার-কামিজ পরা, কপালে টিপ দেওয়া। তেরেসের গবেষণার বিষয় ছিল সেই গ্রাম ও তার চারপাশের সমাজের মানুষের জন্মরীতি ও সে সংক্রান্ত আচার। ১৯৮৪ সালে প্রকাশিত মিনিং অ্যান্ড রিচুয়ালস অব বার্থ ইন রুর্যাল বাংলাদেশ শিরোনামের সে বইটি তাঁর প্রথম গবেষণাগ্রন্থ।
সাড়ে তিন দশক ধরে বাংলাদেশে থেকে তেরেস ব্লঁশে গবেষণা করেছেন আরও নানা বিচিত্র বিষয়ে। ব্রাহ্মণবাড়িয়ায় গবেষণা করেছেন নারীদের মাতৃত্বকালীন পুষ্টি বিষয়ে গ্রামীণ জীবনাচার নিয়ে। আশির দশকের মধ্যভাগে দেশে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ শুরু হলে গ্রামীণ সমাজে তার প্রভাব নিয়ে গবেষণা করেছেন। হাওর এলাকার মানুষ বিভিন্ন ঋতুতে কৃষিকাজে কীভাবে ঐতিহ্যবাহী জ্ঞান কাজে লাগায়, তা নিয়ে গবেষণা করেছেন সুনামগঞ্জ, জামালগঞ্জ, মৌলভীবাজারের রাজনগর প্রভৃতি হাওর-জনপদে। শহরাঞ্চলের বস্তির শিশুদের মধ্যে হামের প্রকোপ নিয়ে গবেষণা করেছেন ঢাকা ও খুলনায়।
বাংলাদেশের শিশু ও নারী তেরেস ব্লঁশের বিশেষ আগ্রহের বিষয়। তিনি শহরাঞ্চলের বস্তি, রংপুর ও কুষ্টিয়ার বিভিন্ন বিড়ি কারখানা এবং বাসাবাড়ির শিশু গৃহকর্মীদের নিয়ে বিশদ গবেষণা করেছেন। শিশুদের শ্রমদাসের মতো কাজে খাটানোর বিরল সব চিত্র তিনি তুলে ধরেছেন দুবলার চর ও কুতুবদিয়া দ্বীপের শিশু শ্রমিকদের ওপর গবেষণা করে। পতিতালয়গুলোর শিশুদের নিয়ে করেছেন পৃথক গবেষণা। ঢাকার মিরপুরের বেনারসি পল্লি, মিল্লাত ক্যাম্পসহ বিভিন্ন বিহারি ক্যাম্পের শিশুরাও তাঁর মনোযোগের বাইরে থাকেনি। তাঁর এসব গবেষণার ফল লস্ট ইনোসেন্স, স্টোলেন চাইল্ডহুড (১৯৯৬) শিরোনামের অনবদ্য বইটি। পরে তা হারানো শৈশব: তার ইতিকথা শিরোনামে বাংলায় হয়ে বেরিয়েছে।
তেরেস ব্লঁশে দীর্ঘ সময় ধরে গবেষণা করছেন বাংলাদেশের সমাজে নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি, নারীর প্রতি সহিংসতা, নারীদের বিদেশে কাজ করতে যাওয়া, পাচার, যৌন নির্যাতন, দাসত্বমূলক পরিস্থিতির শিকার হওয়া ইত্যাদি বিষয়ে। ভারতের উত্তর প্রদেশ, রাজস্থান, মুম্বাই-করাচি ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করতে, কিংবা পাচার হয়ে যাওয়া বাংলাদেশি নারীদের নিয়ে বিশদ গবেষণা করেছেন তিনি। তার ভিত্তিতে লিখেছেন ডকুমেন্টিং আনডকুমেন্টেড: ফিমেল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ফ্রম বাংলাদেশ (২০০৮)।
বাংলাদেশ শুধু তেরেসের গবেষণাক্ষেত্র নয়, বাসভূমিও। তাঁর মাতৃভাষা ফরাসি, লেখালেখি করেন ইংরেজিতে, আর আমাদের সঙ্গে কথা বলেন বাংলায়। কিন্তু সে বাংলা ভদ্রজনের বাংলা নয়। তাই বলে তিনি কুণ্ঠিতও নন, বরং গৌরব করে বলেন, ‘আমার বাংলাই খাঁটি বাংলা। কারণ, যারা আমাকে এই বাংলা শিখাইছে, তারাই তো আসল বাংলাদেশ।’
মশিউল আলম: কথাসাহিত্যিক; সাংবাদিক