তেরোখাদায় সংঘর্ষে ১৯ জন আহত, ১৮ দোকানে ভাঙচুর
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল সোমবার সকালে খুলনার তেরোখাদা উপজেলার শেখপুরা বাজারে দুই পক্ষের সংঘর্ষে ১৯ জন আহত হয়েছেন। এ সময় ১৮টি দোকানে ভাঙচুর এবং দুটি দোকানের মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার আজগড়া ইউনিয়নে একটি আশ্রয়ণ প্রকল্পের জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল সকাল আটটার দিকে আশরাফ সরদার বাহিনী শেখপুরা বাজারে মিন্টু মোল্লার পক্ষের লোকজনের দোকানপাটে অতর্কিতে হামলা চালায়। এ সময় মিন্টু মোল্লার লোকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে মিন্টু মোল্লার পক্ষের বেদেনা বেগম, আকরাম মোল্লা, রাসেল মোল্লা, জুনায়েদ হোসেনসহ ১৪ জন এবং আশরাফ সরদারের পক্ষের ইসলাম খান, কেরামত আলীসহ পাঁচজন আহত হন। আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হামলাকারীরা বাজারে গোলাম রব্বানি ও সোহরাব মোল্লার দোকানে ভাঙচুর ও বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায়। এ ছাড়া তারা আরও ১৬টি দোকানে ভাঙচুর করে। ক্ষতিগ্রস্ত দোকানের মালিক গোলাম রব্বানী বলেন, ‘আশরাফ সরদারের বাহিনী এসে বাজারে অতর্কিতে আমাদের দোকানে হামলা করে মালামাল লুট করে নিয়ে গেছে। আমি থানায় জিডি করেছি।’তেরোখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তেরোখাদায় এমন ঘটনা তো প্রায়ই ঘটে। শুনেছি কয়েকটি দোকানে হামলা হয়েছে। আর ৮-১০ জন আহত হয়েছে। তবে কেউ আমার কাছে অভিযোগ করেনি।’