তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম নগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়েছে। চট্টগ্রাম বন্দরের নিমতলায় আয়োজিত সমাবেশে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনসহ স্থানীয় নেতারা বক্তৃতা করেন। সমাবেশে আমীর খসরু বলেন, মধ্যবর্তী নির্বাচন ছাড়া দেশ বাঁচানোর আর কোনো উপায় নেই। শেখ হাসিনার হাতে দেশের মানুষ নিরাপদ নয়। এ সরকার তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে মানুষের ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে। এর প্রভাব পড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর। আমীর খসরু আরও বলেন, দাম বাড়ানোর পরও দেশের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না।