
নদীতে মাছ নেই। তেলের কারণে পানিও খাওয়ার অযোগ্য। প্রতিদিন এক জার পানি কেনার খরচ ২০ টাকা। সঙ্গে পাঁচ টাকার পথখরচ। ডিমপাড়া পাঁচটি হাঁসের মধ্যে তিনটিই মরেছে শ্যালা নদীর তেলে। দিন আর চলে না। তাই জেলে স্বামীকে সাহায্য করতে ট্যাংকারডুবির তিন দিনের মাথায় নিজেও খালি হাতে তেল অপসারণের কাজে নেমেছিলেন জয়মণিঘোলের ফরিদা বেগম। কিন্তু কাজে নামার দুই দিনের মধ্যেই ডায়রিয়াসহ প্রচণ্ড বমিতে আক্রান্ত হলেন তিনি।
শুধু ফরিদা বেগম নন, শ্যালা নদী ও এর আশপাশের এলাকায় যেসব দরিদ্র জেলে ও তাঁদের পরিবারের সদস্যরা তেল অপসারণের কাজ করছেন, তাঁদের অনেকেই জানালেন, নদী থেকে তেল তুলে আনার কাজ করতে গিয়ে তাঁরা ডায়রিয়া, বমিসহ শরীরের বিভিন্ন স্থানে জ্বলুনি এবং চুলকানির মতো শারীরিক সমস্যায় আক্রান্ত হচ্ছেন।
৯ ডিসেম্বর সুন্দরবনের মৃগমারী এলাকায় তেলবাহী ট্যাংকারডুবির পর সেই তেল শ্যালা নদীসহ বনের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় গ্রামবাসী ও জেলেদের অনেকেই নদী বাঁচাতে নিজ উদ্যোগে হাঁড়ি-পাতিল নিয়ে খালি হাতে তেল সরানোর কাজে উদ্যোগী হন। দুই দিন পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, মংলা বন্দর কর্তৃপক্ষ এবং বন বিভাগ স্থানীয়দের দিয়েই সনাতন এ পদ্ধতি ব্যবহার করে নদী থেকে তেল অপসারণের সিদ্ধান্ত নেয়। সংগৃহীত তেল ক্রয়ের জন্য রাষ্ট্রায়ত্ত কোম্পানি পদ্মা অয়েল বন বিভাগের চাঁদপাই লঞ্চঘাট এবং জয়মণিঘোল এলাকায় তিনটি কেন্দ্র স্থাপন করে। কোম্পানির ঠিকাদার মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, গতকাল মঙ্গলবার পর্যন্ত ৫৬ হাজার লিটারেরও বেশি তেল কিনেছেন তাঁরা।
চাঁদপাই লঞ্চঘাট এলাকার ক্রয়কেন্দ্রের পাশেই ছোট একটি কুঁড়েঘরে বাস করেন জেলে মসিউর রহমান (৪২)। ট্যাংকারডুবির প্রথম দিন থেকেই তেল অপসারণের কাজ করছিলেন তিনি। কাল সকালে নিজ বাড়ির সামনে বসে তিনি বললেন, ‘পরথম চাইরদিন কাম হরছি। চোক-নাক-মুখ জ্বলে। প্যাটের মইদ্যে গ্যাসের নাহান ঠ্যালা দেয়। চউক্ষে ঘুম নাই।’
একটু সামনে এগিয়ে সাইলো খাদ্যগুদামের সামনে নদীর পাড়ে সংগ্রহ করে আনা তেল গরম করছিলেন মেহেরুননিছা। তিনি বললেন, ‘খালি বমি আয় আর প্যাডের মইদ্যে মোড়ায়। খাইতে পারি না। বিয়ান বেলায় (সকালে) পরানডা বাঁচাইতে দুগ্গা ভাত জোর কইরা খাইছি লবণ-পানি দিয়া।’

জয়মণিঘোলের আবদুল আজিজ ফরাজীও জানালেন, তেল সংগ্রহের কাজে থাকা তাঁর দুই ছেলেও এখন ডায়রিয়ায় আক্রান্ত। একইভাবে আবু বক্কর হাওলাদার, বিজলী গায়েন, বকুল বিবিসহ যাঁরা তেল সংগ্রহ ও জ্বাল দেওয়ার কাজ করছেন, তাঁদের সমস্যাগুলোও প্রায় অভিন্ন।
জেলেপল্লির শেষ প্রান্তে নিজের নড়বড়ে ঘরের সামনে বসে মরিয়ম বিবি আক্ষেপ করেই বললেন, ‘নদী ছারা আমাগোর গতি নাই। এহন সবতাতেই কষ্ট। ভাতে কষ্ট, পানিতে কষ্ট, কাপুরে কষ্ট। নদীতে মাছ নাই। কিনা পানি দিয়া তো আর গোসল করবার পারি না। নদীর পানিতে মুখ জ্বলে, ত্যালে কাপড় নষ্ট হয়।’
এর আগে বন বিভাগের হয়ে তেল অপসারণ করতে গিয়ে মজুরির পুরোটা পাননি বলেও অভিযোগ করেছেন কয়েকজন। এ বিষয়ে জয়মণির সোহেল রানা, মিরাজ শেখ ও লিটন শেখ বলেন, নৌমন্ত্রীর ঘটনাস্থল পরিদর্শনের দিন ট্রলারের জন্য এক হাজার টাকা ও জনপ্রতি ৫০০ টাকার চুক্তিতে তাঁরা কাজে যান। কিন্তু কাজ শেষে তাঁদের অর্ধেক টাকা দেওয়া হলে পরে বন বিভাগের হয়ে তাঁরা কাজে যাননি। গত সোমবার আন্ধারমানিক এলাকায় একই অভিযোগ করেন শহীদুল হাওলাদার।
এ বিষয়ে জানতে চাইলে সুন্দরবনের পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা আমীর হুসাইন চৌধুরী প্রথম আলোকে বলেন, সেদিন তিন ঘণ্টা কাজ হয়েছে। এ জন্য সবাইকে অর্ধেক মজুরি দেওয়া হয়েছে। এদিকে গতকাল সকালে বন বিভাগের উদ্যোগে চাঁদপাই লঞ্চঘাট এলাকায় গাছের গোড়ায় লেগে থাকা তেল অপসারণে হোস পাইপ ব্যবহার করে পানি ছিটাতে দেখা যায়। কিছুক্ষণ পর সেটি বন্ধ করে দেওয়ার কারণ জানতে চাইলে খুলনা অঞ্চলের বন সংরক্ষক কার্তিক চন্দ্র সরকার বলেন, এটি কার্যকর হচ্ছে না। তাই বন্ধ করে দেওয়া হয়েছে।