তেল কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরছড়া গ্যাসক্ষেত্রে অগ্নিকাণ্ডের জন্য দায়ী বহুজাতিক তেল-গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান শেভরন এবং টেংরাটিলায় অগ্নিকাণ্ডের জন্য দায়ী নাইকোর কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ ৪৫ হাজার কোটি টাকা আদায় করতে হবে। ওই টাকা উন্নয়নে ব্যয় করতে হবে। ভবিষ্যতে যাতে অগ্নিকাণ্ডের কারণে সুন্দরবনের ক্ষতি না হয়, সে জন্য রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন বন্ধ করতে হবে।গতকাল শুক্রবার তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ১৬ বছর আগে মৌলভীবাজারের মাগুরছড়ায় বহুজাতিক প্রতিষ্ঠান অক্সিডেন্টাল গ্যাস উত্তোলন করতে গিয়ে অগ্নিকাণ্ড ঘটায়। ওই দিনটিকে স্মরণ করে রাজধানীর মুক্তি ভবনে গতকাল ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।সভায় জাতীয় কমিটির সাধারণ সম্পাদক অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেন, মাগুরছড়া ও টেংরাটিলায় যে পরিমাণে গ্যাস নষ্ট হয়েছে, তার আর্থিক মূল্য ৪৫ হাজার কোটি টাকা। এ দিয়ে দুই বছর দেশের বিদ্যুতের চাহিদা পূরণ এবং দুটি পদ্মা সেতু নির্মাণ করা যেত। তিনি বলেন, কিন্তু সরকার ওই টাকা আদায়ের চেষ্টা করছে না।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজিম উদ্দিন খান এ বিষয়ে বলেন, বহুজাতিক কোম্পানিগুলোর ভূমিকা হলো মানুষের বিরুদ্ধেই অবস্থান নেওয়া। এদের কাছে দেশের অনেক বুদ্ধিজীবী বিক্রি হয়ে যান।প্রকৌশলী কল্লোল মোস্তফা বলেন, মাগুরছড়া ও টেংরাটিলা গ্যাসসম্পদ ধ্বংসের ওপর করা তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, ওই দুই কোম্পানি তাদের খরচ বাঁচিয়ে মুনাফা বাড়াতে গিয়ে ওই দুর্ঘটনা ঘটিয়েছে।বক্তারা সুন্দরবনের কাছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে আগামী ২৪ থেকে ২৮ সেপ্টেম্বর ঢাকা-রামপাল লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।