তেল-গ্যাস অনুসন্ধানে বাপেক্সের সামর্থ্য আরও বাড়ানো হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের কাজে নিয়োজিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) সামর্থ্য আরও বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক বিশেষ উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। গতকাল মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা বলেন, দেশের জ্বালানি খাতের উন্নয়নে বাপেক্সের চলতি কর্মসূচি বাস্তবায়নের জন্য ইতিমধ্যে এক হাজার ৭০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আরও পাঁচটি নতুন প্রকল্পের জন্য ৮৫০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। তিনি জানান, বর্তমান সরকারের গৃহীত কার্যক্রমের ফলে ২০১২ সালের মধ্যে জাতীয় গ্রিডে এখনকার তুলনায় ৫০ কোটি (৫০০ মিলিয়ন) ঘনফুট গ্যাসের সরবরাহ বাড়বে।‘গ্যাস খাতের চ্যালেঞ্জ ও বাপেক্সের ভূমিকা’ শীর্ষক এই গোলটেবিল আলোচনায় তৌফিক-ই-ইলাহী চৌধুরী আরও বলেন, বাপেক্স ও অন্যান্য দেশি কোম্পানির সামর্থ্য বাড়াতে সরকার প্রয়োজনীয় সবকিছু করবে। শুধু অর্থ বরাদ্দ নয়, জ্বালানি খাতে অভিজ্ঞ ও দক্ষ জনবল ধরে রাখার জন্যও পদক্ষেপ নেওয়া হচ্ছে।পাক্ষিক সাময়িকী এনার্জি অ্যান্ড পাওয়ার আয়োজিত এই সভায় মূল নিবন্ধ পড়েন বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমেদ ফারুক। এতে বলা হয়, বর্তমানে বাপেক্স নতুন-পুরোনো মিলিয়ে চারটি রিগের সাহায্যে অনুসন্ধান, নতুন কূপ খনন ও ওয়ার্কওভারের (পুরোনো কূপ সংস্কার করে উৎপাদনক্ষম করা) কাজ চালাচ্ছে। ইতিমধ্যে ছয়টি কূপে ওয়ার্কওভার শেষ হয়েছে। এ ছাড়া রশিদপুর গ্যাসক্ষেত্রে তারা ত্রিমাত্রিক জরিপ চালাচ্ছে, যা যেকোনো বিচারে আন্তর্জাতিক মানের।সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশারফ হোসেন বলেন, কাঙ্ক্ষিত ফল পেতে হলে বাপেক্সকে বিদেশি কোম্পানির মতো সুযোগ-সুবিধা দিতে হবে। গ্যাসের অনুসন্ধান বাড়াতে হবে।পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর বাপেক্সের কাজের ও এতে সহায়তার জন্য সরকারের প্রশংসা করেন। তিনি অভিযোগ করেন, কোনো কোনো সংবাদমাধ্যম অবৈধ সুবিধা নিতে উদ্দেশ্যমূলক প্রতিবেদন প্রকাশের হুমকি দেয়। এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।বাপেক্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মীর মইনুল হক বলেন, ‘বর্তমান গ্যাস সমস্যার জন্য গ্যাস দায়ী নয়, দায়ী হচ্ছি আমরা, যারা এই খাতের উন্নয়নের দায়িত্বে ছিলাম।’ সভায় পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বদরূল ইমাম, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইজাজ হোসেন, মইনুল আহসান, ইউনুস আকন, রফিদুল হক খান, এস এ মনসুর, সাইফুল হক প্রমুখ বক্তব্য দেন।