তেল-গ্যাস কমিটির হরতালে পুলিশি হামলায় সুইডেনে বিক্ষোভ
ঢাকায় তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির হরতাল চলাকালে পুলিশের হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন সুইডেন-প্রবাসী বাংলাদেশি শিক্ষাার্থীরা। একই সঙ্গে তাঁরা বঙ্গোপসাগরে গ্যাস উত্তোলনে বহুজাতিক কোম্পানি কনোকোফিলিপসের সঙ্গে চুক্তি বাতিলের দাবি জানান।গত রোববার স্টকহোমের কেন্দ্রীয় রেলস্টেশনের একটি স্কয়ারে স্টকহোমের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা এই বিক্ষোভে অংশ নেন। এ সময় তাঁরা তাঁদের দাবির সমর্থনে প্লাকার্ড প্রদর্শন করেন। বিক্ষোভে অংশ নেওয়া স্টকহোম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাভেদ কায়সার বলেন, সরকার রাষ্ট্রীয় সম্পদ নিয়ে জনগণের কাছে তাদের অবস্থান খোলাসা করছে না। সরকারের সৎসাহস থাকলে কনোকোফিলিপসের সঙ্গে করা চুক্তির বিষয়টি প্রকাশ করে জনগণের সামনে নিয়ে আসা উচিত।আনোয়ার হোসের বলেন, ‘আমি দেশ থেকে দূরে থাকলেও নিজের তাগিদেই এই কর্মসূচিতে অংশ নিচ্ছি। এ বিষয়ে আমাদের সতর্ক পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে শুধু সরকারই নয়, বিরোধী দলের অবস্থানও হতাশাজনক।’কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা তাঁদের দাবি-সংবলিত প্রচারপত্র বিলি করেন। এ সময় বিভিন্ন দেশের নাগরিকেরা বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। সুইডেনের নাগরিকেরাও এতে অংশ নেন এবং পুলিশি হামলা ও নির্যাতনে উদ্বেগ প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।