তেল-গ্যাস বাংলাদেশের কাছে বিক্রিতে বাধ্য কনোকোফিলিপস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে মার্কিন কোম্পানি কনোকোফিলিপসের সঙ্গে সরকারের চুক্তিকে ‘দূরদর্শী’ হিসেবে আখ্যায়িত করেছে সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটি এ চুক্তি নিয়ে কিছু মহলের অস্বচ্ছ এবং ভুল ধারণা দূর করতে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে।কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফার সভাপতিত্বে গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ, বীরেন শিকদার, এস কে আবু বাকের, মঈন উদ্দীন খান বাদল, বজলুল হক হারুন ও আমিনা আহমেদ অংশ নেন। সভায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পার্থক্যের কারণে বিপিসির লোকসান সমন্বয়ের জন্য চার হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানানো হয়।সভায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় থেকে জানানো হয়, চাহিদানুযায়ী জ্বালানি ক্ষমতা বৃদ্ধি ও প্রাপ্তি নিশ্চিতকরণের উদ্দেশ্যে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই সম্প্র্রতি বিদেশি কোম্পানি কনোকোফিলিপসের সঙ্গে গ্যাস উত্তোলন চুক্তি করা হয়েছে। এই চুক্তি অনুযায়ী কোম্পানি উত্তোলিত সব গ্যাস বাংলাদেশের কাছে বিক্রি করতে বাধ্য থাকবে। বাংলাদেশ না কিনলে সেই সময় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আকারে তা বিক্রি করতে পারবে। তবে সব সময় মোট রপ্তানিযোগ্য গ্যাসের ২০ শতাংশ বাংলাদেশের জন্য সংরক্ষিত থাকবে। সভায় জানানো হয়, বিনিয়োগকারী প্রতিষ্ঠানের বিনিয়োগ উত্তোলনের পর আয় থেকে গ্যাসের কমপক্ষে ৫৫ শতাংশ এবং তেলের ৬০ শতাংশ বাংলাদেশ পাবে। কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফা এ ব্যাপারে সাংবাদিকদের বলেন, জ্বালানি মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে সরকার একটি দূরদর্শী চুক্তি করেছে। এ চুক্তি নিয়ে যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয়, সে ব্যাপারে সরকারকে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।বৈঠক শেষে বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সাংবাদিকদের বলেন, কমিটির সভায় তিনি কনোকোফিলিপসের সঙ্গে সরকারের চুক্তির নিন্দা ও প্রতিবাদ করেছেন।কোম্পানির খরচে অন-শোর ডেলিভারি, বাংলাদেশি জনবল নিয়োগ, যুক্তিযুক্ত মূল্য নির্ধারণ ইত্যাদি বিষয়ে সরকারের দূরদর্শী সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করা হয় এবং জনকল্যাণে গৃহীত এ সিদ্ধান্তের ব্যাপারে বিভিন্ন মহলে ভুল ধারণা দূর করার আহ্বান জানানো হয়।সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।