তেল-গ্যাস রক্ষা কমিটির মিছিলে হামলার নিন্দা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা কলেজের সামনে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির মিছিলে হামলার সঙ্গে জড়িত ছাত্রলীগের নেতা-কর্মীদের চিহ্নিত করে তাঁদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। গতকাল শুক্রবার মুক্তাঙ্গনে অনুষ্ঠিত এক সমাবেশে সংগঠনের নেতারা এ দাবি জানান। কমিটির সংগঠক সিপিবির নেতা রুহিন হোসেন সমাবেশ পরিচালনা করেন। নেতারা বলেন, হামলা চালিয়ে বহুজাতিক কোম্পানির স্বার্থ রক্ষা করা যাবে, কিন্তু জাতীয় সম্পদ লুটপাটবিরোধী আন্দোলন থেকে জনগণকে পিছু হটানো যাবে না। তাঁরা তিতাস ও হবিগঞ্জের গ্যাসক্ষেত্র ও পেট্রোবাংলার কর্তৃত্বাধীন ১২টি বন্ধ গ্যাসকূপ থেকে দ্রুত গ্যাস উত্তোলন করে বিদ্যুৎ সমস্যার সমাধানের দাবি জানান। এ সময় বক্তব্য দেন অধ্যাপক আনু মুহাম্মদ, সৈয়দ আবুল মকসুদ, মনজুরুল আহসান খান, বিমল বিশ্বাস, বাবুল বিশ্বাস প্রমুখ।