তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির কর্মসূচিতে পুলিশের বাধা
পুলিশি বাধার মুখে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করতে পারেনি তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। বঙ্গোপসাগরের দুটি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের কোম্পানি কনোকো-ফিলিপসের সঙ্গে চুক্তি প্রক্রিয়ার প্রতিবাদে গতকাল মঙ্গলবার কমিটি এ কর্মসূচি দিয়েছিল। কর্মসূচি চলাকালে পুলিশের হামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক রেহনুমা আহমেদ ও ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি খান আসাদুজ্জামান মাসুম আহত হন। আন্দোলনকারীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের পর মিছিল নিয়ে সচিবালয়ের পথে অগ্রসর হন তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির নেতা-কর্মীরা। কিন্তু প্রেসক্লাবের পাশে সচিবালয় লিংক রোডেই মিছিলকারীদের আটকে দেয় পুলিশ। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা পুলিশের বাধা উপেক্ষা করে এগোতে চাইলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এ সময় পুলিশের হামলায় রেহনুমা আহমেদ ও খান আসাদুজ্জামান মাসুম আহত হন। মাসুমের মাথা ফেটে গেছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সন্ধ্যায় বাসায় ফিরেছেন বলে প্রথম আলোকে জানিয়েছেন। তেল-গ্যাস ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ সমাবেশে বলেন, কনোকো ফিলিপসের সঙ্গে চুক্তি হলে ১৬ জুন কালো দিবস পালন করা হবে। ওই দিন ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ করবেন তাঁরা। কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেন, বঙ্গোপসাগরের দুটি ব্লকে গ্যাস উত্তোলনে মালিকানা অক্ষুণ্ন রেখে বাপেক্স ও পেট্রোবাংলাকে যুক্ত করতে হবে। সমাবেশ থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) ও পেট্রোবাংলার দক্ষতা-ক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় পুঁজি বিনিয়োগ, যন্ত্রপাতি সমৃদ্ধকরণ ও জনসম্পদের বিকাশে উদ্যোগ নেওয়া এবং বাজেটে বরাদ্দের দাবি তোলা হয়। বঙ্গোপসাগরের ১০ ও ১১ নম্বর ব্লকে তেল-গ্যাস উত্তোলনে কনোকো-ফিলিপসের সঙ্গে ১৬ জুন চুক্তি হবে বলে ৭ জুন জানান বাণিজ্যমন্ত্রী ফারুক খান। এর প্রতিবাদে গতকাল ঘেরাও কর্মসূচি দেয় তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটি। গত ২৩ মে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি কনোকো-ফিলিপসের সঙ্গে পিএসসি চুক্তি অনুমোদন করে। এরপর ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, ১৬ জুন কনোকো-ফিলিপসের সঙ্গে উৎপাদন-বণ্টন চুক্তি (প্রডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি) করবে সরকার।